১০০০ থেকে ২০০০ টাকা, এই প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে আজ পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ করে ঢোকা শুরু হয়েছে আজ থেকেই। এদিকে আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ করবে না বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে প্রকল্পগুলিকে চালানো হবে সম্পূর্ণ নতুনভাবে। সেই সূত্রে রাজ্যের স্কুল ছাত্রীদের জন্য চালু করা আগের সরকারের প্রকল্প কন্যাশ্রী বন্ধ হয়ে এবার চালু হয়েছে কন্যা রত্ন। এমনকি আগের থেকে ভাতা বাড়িয়ে করা হয়েছে ১০০০ টাকা। এবার এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

একধাক্কায় ডবল হবে ভাতা

রাজ্যজুড়ে গত ১৪ আগস্ট পালিত হয়েছে কন্যা রত্ন দিবস। সেই দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের শুভ সূচনা করেন এবং ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠান। এমনকি সেদিন মোট ১০ লক্ষ ৭৭ হাজার ছাত্রীকে ১০০০ টাকা করে পাঠানো হয়েছে বলেই খবর। আগেও তিনি এই প্রকল্পের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন। তবে আজ ফের কন্যা রত্ন প্রকল্পে ২০০০ টাকা করে দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণা দিবসের জনসভায় অংশগ্রহণ করে এদিন কন্যা রত্ন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “১৪ আগস্ট কন্যা রত্ন দিবসে আমরা ২০ লক্ষ ১৩ হাজার আমাদের কন্যাদের অ্যাকাউন্টে ১০০০ করে টাকা দিয়েছি পড়াশোনার জন্য, যেটা আগামী বছর তাদেরকে আমরা ডবল করে দেব। ২০০০ টাকা করে দেব আগামী ২৭ সালে।” যদিও এই প্রকল্পে দুটি বিভাগ রয়েছে, যেখানে ২৫ বছর হলে এককালীন ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা পাওয়া যায়। সেটি আগের মতোই চালু থাকবে বলে জানিয়েছে সরকার।

আরও পড়ুন: পুজোর আগেই ফেরত দিতে হবে রোজভ্যালির টাকা, বড় রায় হাইকোর্টের

পাশাপাশি এই দিন রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ব। সবাইকেই এগিয়ে আসতে হবে। বাল্য বিবাহ এবং বাল্য বয়সে সন্তান প্রসব বন্ধ করতে এসেছি। এই সরকার শুধু ভাতা দিতে আসেনি। সংস্কার করতেও এসেছে। দেড় কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গের ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। এই সমস্ত বাড়ির মালিক মহিলারাই হবেন।”

Leave a Comment