আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর করে তুলতে এবং গরিব মহিলাদের অর্থসংস্থান করতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্গাপুজোর আগেই এবার এই প্রকল্পের উপভোক্তাদের জন্য এসেছে বিশেষ খবর। ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন। সেই উপলক্ষেই সেপ্টেম্বরের কিস্তির টাকা যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দিনই পাঠানোর কথা পরিকল্পনা করা হয়। পাশাপাশি এই দিনটি রাজ্যজুড়ে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবেও পালন করা হবে। তবে টাকা পাঠানোর আগে আরও একবার উপভোক্তাদের তথ্য ও নথি যাচাইয়ের কাজেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কারা কারা এবার টাকা পাবেন না
প্রকল্পের সুবিধা যাতে শুধুমাত্র যোগ্য মহিলারাই পান, সে জন্য উপভোক্তাদের তথ্য বারংবার ভালোভাবে যাচাই করা হচ্ছে। আবেদনের সময় ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়ে থাকলে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তি এই কিস্তির সুবিধা পাবেন না। একইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা জমা দেওয়া নথিতে তথ্যের মিল বা সামঞ্জস্য না থাকলেও ব্যক্তির নাম তৎক্ষণাৎ তালিকা থেকে বাদ যেতে পারে। প্রকল্পের নির্ধারিত বয়স, আর্থিক ও অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ না করলেও আর্থিক সহায়তা পাওয়া যাবে না।
প্রশাসনের তরফে আগে থেকেই এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছিল। বারবার বলা হয়েছিল, যাঁরা প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য নন অথচ এতদিন সুবিধা নিয়ে আসছেন, তাঁদের স্বেচ্ছায় নাম সরিয়ে নেওয়া উচিত। কারণ এরপর আর তাঁদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে না। তাই যাঁরা অযোগ্য, তাঁদের তথ্যও যাচাইয়ের আওতায় আনা হয়েছে। সেই প্রক্রিয়ায় ভুল তথ্য দেওয়া উপভোক্তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। ফলে আগামী দিনে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তথ্যের সঠিকতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা তো ছিলই, এবার আবাস নিয়েও মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, প্রকল্পের নিয়ম অনুযায়ী যোগ্য হওয়া সত্ত্বেও যাঁরা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের জন্যও থাকছে নতুন সুযোগ। বিভিন্ন কারণে আবেদন করতে না পারা মহিলাদের নতুন করে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। খুব শীঘ্রই ফের অনলাইন পোর্টাল চালু করা হবে এবং যোগ্য মহিলাদের আবেদন করার সুযোগ করে দেওয়া হবে। ফলে এতদিন বাদ পড়া উপযুক্ত আবেদনকারীরাও নাম নথিভুক্ত করে এরপর থেকে এই প্রকল্পের আর্থিক সহায়তার আওতায় আসতে পারবেন।