অযোগ্যরা আবাস যোজনার টাকা না ফেরালেই জেল, স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের

আনিষা চৌধুরী, কলকাতা: কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আবাস যোজনার সুবিধা পাওয়ার পরেও যাঁদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের টাকা ফেরত দিতে হবে। মন্ত্রীর দাবি, প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। টাকা

প্রশাসনিক কাজ নিয়ে বৈঠক

রবীন্দ্রভবনের ওই বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়। জি-রাম-জি প্রকল্প এবং সেল্ফ হেল্প গ্রুপের কাজও বৈঠকের আলোচনায় জায়গা করে নেয়। দুই জেলার প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিধায়কদের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানান দিলীপ ঘোষ। যে সব এলাকায় বর্তমানে পঞ্চায়েত প্রধান নেই, সেখানে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি পঞ্চায়েত সংক্রান্ত নতুন আইন যাতে ঠিকভাবে কার্যকর করা যায়, সেদিকেও নজর রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

বৈঠক শেষে জি-রাম-জি প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগের কথাও তুলে ধরেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, প্রকল্পটিতে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আবাস যোজনার উপভোক্তাদের তালিকা যাচাইয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সংখ্যাটা প্রায় সাড়ে ১২ হাজার। এখানে এমন সাড়ে ১২ হাজার ব্যক্তি রয়েছেন, যাঁরা প্রকল্পের নিয়ম অনুযায়ী সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না, অথচ তাঁরা দিব্যি টাকা নিয়েছেন। ইতিমধ্যেই তাঁদের কাছ থেকে সেই অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: এখনও ঢোকেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, পথে নেমে বিক্ষোভ হাওড়ার মহিলাদের

‘টাকা ফেরত দাও, নয়তো জেলে যাও’

অযোগ্য উপভোক্তাদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “বেআইনিভাবে আবাস যোজনায় টাকা নিয়ে নিয়েছে অনেক লোক। তাঁদের নোটিস দেওয়া হয়েছে। টাকা ফেরত দাও নয়ত জেলে যাও।” অর্থ ফেরতের বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি, বাকি উপভোক্তাদের ক্ষেত্রেও নোটিসের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।

Leave a Comment