পাসপোর্ট ভেরিফিকেশনে ১০ হাজার টাকা ঘুষ, হরিণঘাটায় গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার

আনিষা চৌধুরী, কলকাতা: পাসপোর্ট (Passport) ভেরিফিকেশনের জন্য ১০ হাজার টাকা দাবি? দুর্নীতি দমন শাখার কড়া পদক্ষেপ। অভিযোগ, পাসপোর্টের ভেরিফিকেশন করিয়ে দেওয়ার জন্য নাকি এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার হরিণঘাটা এলাকার ডিআইবি (DIB) অফিসে অভিযান চালায় পশ্চিমবঙ্গের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা ACB। সূত্রের খবর, এই অভিযানে ঘুষ নেওয়ার সময় দুই সিভিক ভলান্টিয়ারকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন শাখা। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়।

টাকা না দিলে হবে না ভেরিফিকেশন

অভিযোগকারী ACB-র কাছে জানান, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তাঁর কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। এরপর হরিণঘাটার ডিআইবি অফিসে ট্র্যাপ অপারেশন চালানো হয়। ACB-র পরিকল্পনা অনুযায়ী টাকা নিয়ে সেখানে পৌঁছন অভিযোগকারী। হাতে নাতে ধরার জন্য ওই টাকার গায়ে বিশেষ ধরনের পাউডার লাগিয়ে দেওয়া হয়। নির্দিষ্ট ব্যক্তিদের হাতে সেই টাকা পৌঁছনোর পরই ঘটনাস্থলে ঢুকে পড়ে ACB-র আধিকারিকরা।

অভিযানের সময়ই দুই সিভিক ভলান্টিয়ারকে সংশ্লিষ্ট ব্যক্তির থেকে ঘুষের টাকা নিতে দেখা যায়। এরপরই তাঁদের আটক করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে ACB আধিকারিকরা রাসায়নিক পরীক্ষাও করেন। টাকা নেওয়ার পর তাঁদের হাতে একটি বিশেষ রাসায়নিক দ্রবণ ঢেলে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দ্রবণের রং পাল্টে যায়। প্রমাণ মিলতেই দেরি না করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: ৩০ দিনের মধ্যেই নিষ্পত্তি, প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে কড়া নির্দেশ সরকারের

পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ নতুন নয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীকে কোনও টাকা দিতে হয় না। তা সত্ত্বেও ১০ হাজার টাকার দাবি? অভিযোগ সামনে আসার পর সময় নষ্ট না করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছেন কি না, টাকা চাওয়ার পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কিনা, এই সমস্ত কিছু তদন্ত করে দেখছে ACB।

Leave a Comment