বাংলায় বিনিয়োগের বড় বার্তা! অ্যান্টিলিয়ায় আম্বানিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

প্রীতি পোদ্দার, কলকাতা: প্রতিশ্রুতি মতোই হচ্ছে কাজ, এবার পরিবর্তনের বাংলায় বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার। মুম্বইতে দেশের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে হাইভোল্টেজ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Meets Mukesh Ambani), সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি। জানা গিয়েছে, মূলত বাংলায় রিলায়েন্সের ব্যবসা বিস্তার ও বিনিয়োগের লক্ষ্যে (Reliance West Bengal investment) এই বৈঠক হয়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই ভাইরাল ছবি।

আম্বানিদের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল সোমবারই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়া-তে পৌঁছন তিনি। এরপরই শুরু হয়েছিল বৈঠক। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গে রিলায়েন্সের বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়, মুকেশ আম্বানি এবং অনন্ত আম্বানির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি ভাইরাল হয়েছে। আম্বানিকে কালীঘাটের মা কালীর মূর্তিও উপহার দেন মুখ্যমন্ত্রী।

শিল্পায়নে লগ্নি টানতে উদ্যোগী বিজেপি সরকার

উল্লেখ্য, এর আগে রাইজিং ভারত সামিটের মঞ্চে উপস্থিত হয়ে রাজ্যের শিল্প নিয়ে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক বার্তা দিয়েছিলেন, সেই সময় তিনি বলেছিলেন, “অনন্ত আম্বানির সঙ্গে আমার কথা হয়েছে। উনি ও মুকেশ আম্বানি বাংলায় আসছেন। বাংলায় বিনিয়োগ করবেন ওঁরা। ডেটা সেন্টার ও সেমি কন্ডাক্টর হাবে কাজ করবেন।” এরপরই আম্বানিদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী। তাই স্বাভাবিকভাবেই এই নিয়ে বাড়ছে জল্পনা। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় আসার পরেই শিল্পায়নে লগ্নি টানতে উদ্যোগী বিজেপি সরকার। জোর দেওয়া হয়েছে বড় শিল্পের ক্ষেত্রে তাই বিভিন্ন শিল্পগোষ্ঠী ও শিল্পপতিদের সঙ্গে একের পর এক বৈঠকও চলছে।

আরও পড়ুন: চার মাসেরও বেশি জেলে সুজিত, তদন্ত কতদূর? ইডির কাছে জবাব চাইল হাইকোর্ট

প্রসঙ্গত, গত মে মাসে রাজ্যের শাসনভার গ্রহণের পর থেকে অর্থনীতির হাল ফেরাতে একাধিক পরিকল্পনা করেছে সরকার। মুখ্যমন্ত্রী তো বটেই, শিল্পমন্ত্রী তাপস রায়, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য নানা সময়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন, শিল্পনীতিতে বদল এনেছেন। মূলত বাম আমলের সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার পর থেকে রাজ্যে যে শিল্পখরা তৈরি হয়েছিল তা কাটাতে আরও বেশি করে জোর দিচ্ছে বিজেপি সরকার। মনে করা হচ্ছে আম্বানিদের সঙ্গে আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের বিরাট সম্ভাবনা রয়েছে।

Leave a Comment