আনিষা চৌধুরী, কলকাতা: আপনার নামে একটি সিম কার্ড (SIM Card) রয়েছে, কিন্তু সেটি ব্যবহার করছেন অন্য কেউ? সময় থাকতে সাবধান না হলে যে কোন সময় হয়ে যেতে পারে বিরাট ক্ষতি। মোবাইল সংযোগ ও টেলিকম পরিচয় সংক্রান্ত তথ্যের অপব্যবহার নিয়ে মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করেছে কেন্দ্রীয় টেলিকম দফতর বা DoT। নিজের নামে নেওয়া SIM অন্য কাউকে ব্যবহারের জন্য দেওয়া, বিক্রি করা বা হস্তান্তরের মতো ঘটনায় অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে সেই নম্বর যদি কোনও প্রতারণা বা বেআইনি কাজে ব্যবহার করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকেও আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে। টেলিকমিউনিকেশনস অ্যাক্ট, ২০২৩ (Telecommunications Act, 2023)-এর বিধান অনুযায়ী সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত জেল এবং ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার হতে পারে।
ভুয়ো নথি দিয়ে SIM নেওয়া থেকে সাবধান
শুধু নিজের SIM অন্যকে দেওয়া নয়, অন্যের পরিচয় ব্যবহার করে বা ভুয়ো নথির সাহায্যে SIM নেওয়াও কিন্তু অনেক বড় অপরাধ। এই বিষয়ে সতর্ক করেছে DoT। কার মনে কী উদ্দেশ্য আছে সেটা জানা সম্ভব নয়, তাই নিজের নামে থাকা নম্বর কারোর হাতে তুলে দেওয়া কখনওই উচিত নয়। তাই নিজের পরিচয়ে নেওয়া সিম কার্ড কোথায় এবং কার হাতে রয়েছে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
মোবাইলের IMEI নম্বর নিয়েও ব্যবহারকারীদের বারবার সতর্ক করেছে টেলিকম দফতর। প্রতিটি মোবাইল ফোনের সঙ্গে যুক্ত এই নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটি ডিভাইসের পরিচয় শনাক্ত করতে ব্যবহৃত হয়। IMEI বদলে ফেলা বা সেটির সঙ্গে কারচুপি করার চেষ্টাও একটি গুরুতর অপরাধ। এই বিষয়টি টেলিকমিউনিকেশনস অ্যাক্ট (Telecommunications Act)-এর ধারা ৪২-এর অন্তর্ভুক্ত। একইভাবে কলিং লাইন আইডেন্টিফিকেশন (Calling Line Identification) বা CLI বদলানোর জন্য কোনও টুল বা পদ্ধতি ব্যবহার করাও নিষিদ্ধ। এই ধরনের অপরাধের ক্ষেত্রেও ৩ বছর পর্যন্ত জেল, ৫০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা বা দুটোই হতে পারে।
আরও পড়ুন: পাসপোর্ট ভেরিফিকেশনে ১০ হাজার টাকা ঘুষ, হরিণঘাটায় গ্রেফতার দুই সিভিক ভলান্টিয়ার
নিজের নামে কতগুলি SIM রয়েছে, জানবেন কীভাবে?
আপনার নামে কোনও অচেনা নম্বর চালু রয়েছে কিনা, তা সহজেই জেনে নেওয়া যায়। সরকারের সঞ্চার সাথী (Sanchar Saathi) পোর্টাল বা অ্যাপে ‘Know Mobile Connections in Your Name’ অপশনে গেলেই নিজের নামে থাকা SIM-এর যাবতীয় তথ্য দেখা যাবে। তালিকায় যদি এমন কোনও নম্বর থাকে, যেটি আপনি নেননি বা আর ব্যবহার করেন না, তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন। রিপোর্ট করার ব্যবস্থাও ওই পোর্টালেই রয়েছে। পাশাপাশি ‘Know Mobile Handset Genuineness’ অপশন থেকে IMEI নম্বরের মাধ্যমে মোবাইলের ব্র্যান্ড, মডেল এবং নির্মাতার তথ্যও যাচাই করা যায়। তাই বিপদ এড়াতে এখনই নিজের নামে থাকা SIM এবং মোবাইল সংযোগগুলি যাচাই করে নিন।