স্মার্টফোনের স্ক্রিন গার্ডে এবার BIS মানক বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

অনন্যা সরকার, কলকাতা: নতুন স্মার্টফোন কেনার পর প্রথমেই স্ক্রিনকে রক্ষা করার জন্য একটি টেম্পার্ড স্ক্রিন প্রোটেক্টর (Smartphone Screen Protector) লাগিয়ে নিয়ে নিশ্চিন্ত হন ব্যবহারকারীরা। কিন্তু এই স্ক্রিন গার্ডগুলি কতটা কার্যকরী বা আদৌ কার্যকরী কিনা – তা বোঝার উপায় থাকে না। তবে সরকার এখন স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টরের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। স্মার্টফোনের স্ক্রিনে ক্র্যাক ও স্ক্র্যাচ থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত স্ক্রিন প্রোটেক্টরগুলো এখন থেকে সরকারি মানদণ্ডের আওতায় আসবে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 

স্মার্টফোনের স্ক্রিন প্রটেক্টরকে হতে হবে BIS সার্টিফায়েড

ভারত সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা করা হয়েছে যে, স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টরকে বাধ্যতামূলকভাবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর রেজিস্ট্রেশনের আওতায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে এখন থেকে বাজারে বিক্রি হওয়া স্ক্রিন প্রোটেক্টরগুলোকে প্রতিষ্ঠিত সরকারি মানদণ্ড মেনে চলতে হবে। এর দরুন, কোম্পানিগুলো আর যথেচ্ছভাবে নিম্নমানের স্ক্রিন প্রোটেক্টর তৈরি বা বিক্রি করতে পারবে না।

কেন্দ্রীয় সরকার ‘কম্পালসরি রেজিস্ট্রেশন অর্ডার, ২০২১’ সংশোধন করে এই পরিবর্তন এনেছে। এই সংশোধনীটি বিআইএস আইন, ২০১৬-এর অধীনে করা হয়। নতুন নিয়ম অনুসারে, বাজারে উপলব্ধ সমস্ত স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টরকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সরকার এই উদ্দেশ্যে একটি নতুন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডও নির্ধারণ করেছে। এই স্ট্যান্ডার্ডটির নম্বর হল ‘IS 19348:2025’ এবং এটির টাইটেল ‘গ্লাস স্ক্রিন প্রোটেক্টর — স্পেসিফিকেশন’।

আরও পড়ুন: রাজ্যের পর্যটনের হাল-হদিস থাকবে হাতের মুঠোয়, চালু হচ্ছে ‘কলকাতা কী’ অ্যাপ

সরকার জানিয়েছে যে, নতুন নিয়মটি এক্ষুনি কার্যকর করা হবে না। স্মার্টফোন স্ক্রিন প্রোটেক্টরের জন্য এই বিধান চালু হচ্ছে আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের ১ এপ্রিল থেকে। অর্থাৎ, ১ এপ্রিল, ২০২৭ থেকে বাজারে আসা সমস্ত স্মার্টফোন স্ক্রিন প্রোটেক্টরকে প্রতিষ্ঠিত ভারতীয় মানদণ্ড মেনে চলতে হবে। এর জন্য, পণ্য ও প্রস্তুতকারককে প্রযোজ্য বিআইএস রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তাগুলি মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ নিজের সিম কার্ড অন্য কাউকে দিলেই ৫০ লক্ষ টাকা জরিমানার সাথে জেল

একটি স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ ও দামী পার্টস হল এর স্ক্রিন। তবে দৈনন্দিন ব্যবহারের কারণে সৃষ্ট আঁচড়, পড়ে গিয়ে তৈরি হওয়া ক্র্যাক ও ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, মানুষ সাধারণত টেম্পার্ড গ্লাস বা অন্য ধরনের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করেন। বর্তমানে বাজারে সহজেই মেলে বিভিন্ন দাম ও মানের স্ক্রিন প্রোটেক্টর। তবে এর মধ্যে কয়েকটির মান খুবই খারাপ হয়, কিন্তু সেগুলি আসলে কতটা মজবুত তা গ্রাহকদের পক্ষে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। নতুন বিআইএস স্ট্যান্ডার্ডের লক্ষ্য হল স্ক্রিন প্রটেক্টরের জন্য একটি অভিন্ন ব্যবস্থা তৈরি করা, যা নিশ্চিত করবে যে বাজারে উপলব্ধ পণ্যগুলি নির্ধারিত স্পেসিফিকেশন মেনে তৈরি। সরকারের এই সিদ্ধান্ত সারা দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীকে সরাসরি উপকৃত করতে চলেছে। 

Leave a Comment