আনিষা চৌধুরী, কলকাতা: বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় ছবি ‘৩ ইডিয়টস’ (3 Idiots)-এর সিক্যুয়েল নিয়ে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি। আমির খান (Aamir Khan), আর. মাধবন (R. Madhavan) এবং শারমন জোশিকে (Sharman Joshi) নিয়েই তৈরি হতে চলেছে ছবির পরবর্তী পার্ট। জানা যাচ্ছে, ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হতে পারে শুটিং। আপাতত পরিচালক রাজকুমার হিরানি (Rajkumar Hirani) এবং তাঁর টিম ছবির গল্প ও চিত্রনাট্য নিয়ে কাজ করছেন।
কবে মিলবে আমির খানের সম্মতি?
২০২৭ সালের শুরুতেই চিত্রনাট্যের শেষ খসড়া তৈরি হয়ে যেতে পারে। এরপর ফেব্রুয়ারি মাসে সেই স্ক্রিপ্ট পড়বেন আমির খান। তাঁর চূড়ান্ত সম্মতি পাওয়ার পরই ছবির কাজ আনুষ্ঠানিকভাবে এগোবে। অর্থাৎ ছবি তৈরি আগে গল্প পছন্দ হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গল্পই সিনেমাটির পরবর্তী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
র্যাঞ্চো-ফরহান-রাজুর গল্প কি ফের দেখা যাবে পর্দায়?
‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েলে আগের ছবির পরিচিত চরিত্রগুলিকে রাখার পরিকল্পনা রয়েছে বলেই জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আমিরকে আবার র্যাঞ্চো, আর. মাধবনকে ফরহান এবং শারমন জোশিকে রাজুর চরিত্রে দেখা যেতে পারে। পাশাপাশি করিনা কাপুর খানও পিয়ার ভূমিকায় ফিরতে পারেন। অর্থাৎ বহু বছর পর জনপ্রিয় এই চরিত্রগুলিকে একই ছবিতে দেখার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: “দেশ ছেড়ে পালিয়েছে অভিযুক্ত” টুলু মণ্ডলের রক্ষাকবচের আবেদন খারিজ করল হাইকোর্ট
তবে ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েলের আগে আমির খানকে শেষ করতে হবে তাঁর অন্য একটি ছবি। আশুতোষ গোয়ারিকরের স্পোর্টস-ড্রামা ‘ললকারা’-য় অভিনয় করছেন তিনি। সূত্রের খবর, চলতি বছরের অক্টোবর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই ছবির শুটিং চলতে পারে। ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক টেস্ট সিরিজ এবং তৎকালীন অধিনায়ক লালা অমরনাথের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ছবিটি। এই কাজ শেষ হওয়ার পরই ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েলের দিকে মন দিতে পারবেন আমির। পরিকল্পনা অনুযায়ী সব এগোলে, ২০২৭ সালের এপ্রিলেই ফের ক্যামেরার সামনে আসতে পারে বহু চর্চিত তিনমূর্তি র্যাঞ্চো-ফরহান-রাজুর।