চিকিৎসা থমকে ক্যান্সার আক্রান্ত স্বামীর! ২ সন্তান নিয়ে পথে বসার অবস্থা গৃহবধূর

আনিষা চৌধুরী, কলকাতা: একটা সময় সংসারে অভাব ছিল না। স্বামী বেসরকারি সংস্থায় চাকরি করতেন। শ্বশুর-শাশুড়ি, স্বামী এবং দুই সন্তানকে নিয়ে শান্তিতেই কাটছিল দিন। খুব বিলাসবহুল জীবন না হলেও দৈনন্দিন প্রয়োজন মেটাতে কোনও সমস্যা হতো না। কিন্তু দু’বছর আগে স্বামীর ক্যান্সার (Cancer) ধরা পড়ার পর বদলে যায় গোটা পরিবারের পরিস্থিতি। অসুস্থতার কারণে চাকরি চলে যায় তাঁর। এরপর চিকিৎসার খরচ এবং সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে একে একে শেষ হয়ে যায় সমস্ত সঞ্চয় (Sad Story)।

১০ বছর অপেক্ষার পর দুই সন্তান, তারপরই নেমে এল বিপদ

পরিবারের পরিস্থিতির কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ওই গৃহবধূ। তিনি জানান, দীর্ঘ ১০ বছর তাঁদের কোনও সন্তান হচ্ছিল না। সেই সময়টা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল। অবশেষে তাঁদের দুই সন্তান হয়। সন্তানসুখ ভালোভাবে উপভোগ করার আগেই সংসারে নেমে আসে অন্ধকার। মাত্র তিন বছরের দুই সন্তান, অসুস্থ স্বামী এবং বয়স্ক শ্বশুর-শাশুড়িকে নিয়ে এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।

স্বামীর চিকিৎসার জন্য পরিবারের যা কিছু সঞ্চয় ছিল, সবই খরচ হয়ে গিয়েছে বলে জানান তিনি। নিজের গয়না, শ্বশুরমশাইয়ের জমানো টাকা-সহ পরিবারের সঞ্চিত অর্থ দিয়ে তাঁকে বেঙ্গালুরুতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছিল। প্রায় এক বছর ধরে কেমোথেরাপি চলার পর স্বামীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু পরে আবার বুকের পাশে নতুন করে একটি টিউমার দেখা দেয়। চিকিৎসকদের পরীক্ষায় সেটি ক্যান্সারে পরিণত হয়েছে বলে পরিবারটির দাবি।

আরও পড়ুন: ৬০০ টাকা পর্যন্ত সস্তা হল LPG সিলিন্ডার! কোথায়?

‘স্বামীকে বাঁচান’, ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা

বর্তমানে অর্থের অভাবে স্বামীর চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। অসহায় ওই মা বলেন, ঠিকমতো খাবার জোটে না, তবুও স্বামীকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে চান তিনি। তাঁর কথায়, স্বামী পাশে না থাকলে দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবেন তিনি? সংসারটা ভেসে যাবে। মাত্র তিন বছরের বাচ্চা দু’টি এখনও কিছুই বোঝে না। তাদের সামনে এখনও গোটা জীবন পড়ে রয়েছে। তাই স্বামীর চিকিৎসার জন্য মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ওই মহিলা। তাঁর একটাই আশা, আর্থিক সাহায্য পেলে আবারও স্বামীর চিকিৎসা শুরু করা সম্ভব হবে এবং দুই সন্তান তাদের বাবাকে ফিরে পাবে।

Leave a Comment