আনিষা চৌধুরী, কলকাতা: অবিশ্বাস্য হারে কমে গেল গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) দাম? ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত কমে মিলছে রান্নার গ্যাস? বুধবার Google Trends-এ ‘গ্যাস’ নিয়ে আচমকা বিপুল সংখ্যক মানুষের সার্চ! তারপরই উঠছে প্রশ্ন। NSE Listing, National League-সহ একাধিক বিষয়ের সঙ্গে ট্রেন্ডিং তালিকায় উঠে আসে ‘গ্যাস’। বিষয়টি নিয়ে বিভিন্ন পোস্ট ও খবর সামনে আসায় অনেকেরই মনে হয়, সম্ভবত রান্নার গ্যাসের দামে বড় কোনও পরিবর্তন হয়েছে। সত্যিই কি তাই?
কেন হঠাৎ ‘গ্যাস’ সার্চে বাড়ল আগ্রহ?
২৩ সেপ্টেম্বর Google Trends-এ ‘গ্যাস’ উল্লেখযোগ্য সার্চ হিসেবে উঠে আসার পিছনে মূল কারণ ছিল কম দামে কমার্শিয়াল সিলিন্ডার বিক্রির খবর। কিছু জায়গায় নির্ধারিত দামের তুলনায় অনেকটা কমে এই সিলিন্ডার বিক্রি করার কথা জানা যায়। ফলে বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনলাইনে শুরু হয় খোঁজখবর। হাজার হাজার মানুষ জানতে চায় সত্যিই কি কমেছে দাম?
কেন কম দামে বিক্রি হচ্ছে কমার্শিয়াল সিলিন্ডার?
গ্যাস এজেন্সিতে একসঙ্গে আসা সিলিন্ডারের মধ্যে ডোমেস্টিকের পাশাপাশি কমার্শিয়াল সিলিন্ডারও থাকতে পারে। কোনও সময় কমার্শিয়াল সিলিন্ডার বিক্রি না হলে সেগুলি এজেন্সিতে পড়ে থাকে। নতুন সিলিন্ডার আনতে গাড়ি ফেরত পাঠানোর সময় খালি সিলিন্ডার প্রয়োজন হওয়ায় অবিক্রিত কমার্শিয়াল সিলিন্ডার দ্রুত বিক্রি করার প্রয়োজন পড়ে। সেই পরিস্থিতিতেই কিছু ক্ষেত্রে ক্রেতাদের ছাড় দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: অনলাইনে মিলছে দুর্গাপুজোর অনুমতি, শুরু হল ‘সহজ’ পোর্টালে আবেদন
একটি গ্যাস এজেন্সির মালিকের বক্তব্য অনুযায়ী, কমার্শিয়াল সিলিন্ডারে তুলনামূলক বেশি মার্জিন থাকতে পারে। তাঁর দাবি, একটি সিলিন্ডারে প্রায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত লাভের সুযোগ থাকে। তাই কিছুটা কম দামে বিক্রি করলেও পুরোপুরি লোকসান নাও হতে পারে। মূলত বহুদিন পড়ে থাকা কমার্শিয়াল সিলিন্ডার দ্রুত বিক্রি করে খালি সিলিন্ডার সংগ্রহ করতেই কোথাও কোথাও এই ধরনের ছাড় দেওয়া হচ্ছে। ফলে ‘৪০০-৬০০ টাকা কমে গ্যাস’ মানেই কিন্তু সরকারি ভাবে গ্যাসের দাম কমে যাওয়া একেবারেই নয়।