বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেটে নতুন নতুন নজির গড়ছেন ইংল্যান্ডের জো রুট (Joe Root)। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর জুড়ি মেলা ভার। লাল বলের ক্রিকেটে সম্প্রতি একাধিক ক্ষেত্রে ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গিয়েছেন তিনি। এবার ক্রিকেটে রানের নিরিখে ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেললেন রুট। তবে সচিনের রেকর্ড ভাঙলেও বিরাট কোহলিকে (Virat Kohli) সরাতে অক্ষম ইংলিশ তারকা। এই মুহূর্তে তাঁর আগেই নাম রয়েছে বিরাটের।
সচিনের রেকর্ড ভাঙলেও পারলেন না কোহলির সাথে
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র তিন রান প্রয়োজন ছিল রুটের। সেটা হলেই আন্তর্জাতিক ক্ষেত্রে 23 হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতেন তিনি। সেই মতোই, লঙ্কান বাহিনীর বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমে নিজের 521 তম আন্তর্জাতিক ম্যাচে 23 হাজার রানের গণ্ডি টপকালেন রুট। সেই সূত্র ধরেই সচিন তেন্ডুলকরকে পেছনে ফেলেছেন তিনি।
বলাই বাহুল্য, এর আগে 522টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 23 হাজার রান সম্পূর্ণ করেছিলেন সচিন। এতদিন সেটাই ছিল ক্রিকেট বিশ্বের অন্যতম বড় রেকর্ড। সেই রেকর্ড 521 ম্যাচেই ভেঙে ফেললেন রুট। তবে টপকাতে পারলেন না ভারতীয় তারকা বিরাট কোহলিকে। কারণ, মাত্র 490টি আন্তর্জাতিক ম্যাচ খেলেই 23 হাজার রান সম্পূর্ণ করে ফেলেছিলেন কোহলি। সেটাই এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে কম ইনিংসে 23 হাজার রান পূর্ণ করার রেকর্ড। কোহলির পরই 521 ইনিংস খেলে দ্বিতীয় স্থানে রয়েছেন রুট।
আরও পড়ুন: কীভাবে এশিয়ান গেমসে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? বুঝে নিন সহজ অঙ্ক
উল্লেখ্য, বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে 23 হাজার আন্তর্জাতিক রান সম্পূর্ণ করেছেন রুট। তালিকার প্রথমে বিরাট কোহলি এবং দ্বিতীয় স্থানে রুট ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটে 23 হাজার রান সম্পূর্ণ করা ক্রিকেটারদের তালিকায় রয়েছেন রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, রিকি পন্টিং, জ্যাক কালিসরা।