বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশি স্ট্রাইকারের সমস্যা মিটল ইস্টবেঙ্গলের (East Bengal FC)। AFC চ্যাম্পিয়নস লিগ টুয়ের পরবর্তী ম্যাচে আগামী 13 অক্টোবর যুবভারতীতে ইরাকের দল আল শোর্তের মুখোমুখি হবে লাল হলুদ। আর ঠিক সেই ম্যাচের আগেই সোমবার ভোররাতে শহরে পা রাখলেন ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার লুকাস জোলিনিস্কি (East Bengal New Striker)। তাতে বেশ খানিকটা স্বস্তি আন্তোনিও লোপেজ হাবাস ব্রিগেডে। এতদিন বিদেশি স্ট্রাইকার ছাড়াই দল গড়তে হচ্ছিল হাবাসকে। তবে জোলিনিস্কি কলকাতায় চলে আসতেই সেই সমস্যা কেটে গেল ইস্টবেঙ্গলের।
কবে মাঠে নামবেন নতুন স্ট্রাইকার?
কিছু সূত্র মারফত জানা গেছে, আগামী অক্টোবর মাসের 13 তারিখ শোর্তের বিরুদ্ধে নতুন স্ট্রাইকার জোলিনিস্কিকে দলে রেখেই পরিকল্পনা করতে পারেন ইস্টবেঙ্গলের নতুন কোচ হাবাস। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে খুব শীঘ্রই লাল হলুদের হয়ে অনুশীলনে নেমে পড়বেন পোলিশ স্ট্রাইকার। তবে দেখার বিষয়, ইস্টবেঙ্গলের জার্সিতে বড় ম্যাচে সুযোগ পেলে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এই বিদেশি। যদিও সেই সম্ভাবনাটা খতিয়ে দেখে তবেই তাঁকে মাঠে নামাবেন হাবাস।
এদিকে ইতিমধ্যেই শহরে এসে গিয়েছেন ইস্টবেঙ্গলের আরেক স্ট্রাইকার একে লোবা। গত সপ্তাহে শহরে পা রাখলেও মেডিকেল রিপোর্টে কিছু সমস্যা থাকার কারণে মাঠে নামতে পারছেন না এই ফুটবলার। ওদিকে যাঁকে নিয়ে এত চর্চা সেই এফিয়ংয়ে, এতদিন ভিসা সমস্যার কারণে ভারতে আসতে পারছিলেন না। তবে কিছু সূত্র মারফত জানা গিয়েছে, পাসপোর্ট নিয়ে যে সমস্যা ছিল তা মিটে গিয়েছে খেলোয়াড়ের। ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করে দিয়েছেন তিনি। সেটা পেলে আগামী 10 দিনের মধ্যেই শহরে চলে আসবেন নতুন ফুটবলার।
আরও পড়ুন: UNESCO-র নাম ব্যবহার করে দুর্গাপুজো নিয়ে দুর্নীতি! ইন্দ্রনীল সেনের বাড়িতে তল্লাশি অভিযান ED-র
প্রসঙ্গত, ACL টু ম্যাচের আগে মাঠ নিয়ে বেশ সমস্যায় ইস্টবেঙ্গল। অনুশীলনের জন্য কলকাতায় জায়গা না পাওয়ায় শেষ পর্যন্ত যেতে হচ্ছে কল্যাণীতে। শিল্প শহরের ময়দানে অনুশীলন করতে হচ্ছে লাল হলুদকে। একেবারে হাবাসের তত্ত্বাবধানেই সেখানে ফুটবল পায়ে কসরত করছেন ইস্টবেঙ্গল প্লেয়ারেরা। তবে সমস্যা হয়ে গিয়েছে যাতায়াত। হোটেল থেকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে কল্যাণীতে গিয়ে অনুশীলন করতে হচ্ছে বলে খানিকটা হলেও অসন্তুষ্ট ইস্টবেঙ্গল ফুটবলারেরা।