আনিষা চৌধুরী, কলকাতা: মমতা ব্যানার্জির ভাই হিসেবে পরিচিত স্বপন ওরফে বাবুন ব্যানার্জি। রাজনীতির পাশাপাশি বাংলার ক্রীড়া প্রশাসনের সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর দলের ক্রীড়া সেলের দায়িত্বও পেয়েছিলেন বাবুন। তবে বর্তমানে তৃণমূলের সঙ্গে তাঁর সম্পর্ক কার্যত তলানিতে। এরই মধ্যে বিজেপিতে (Bhartiya Janata Party) যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন বাবুন ব্যানার্জি (Babun Banerjee)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকের অপেক্ষায় রয়েছেন তিনি। নিজের মুখেই জানালেন মমতা ব্যানার্জির ভাই।
কী বললেন বাবুন?
মমতা ব্যানার্জির সঙ্গে বাবুনের সম্পর্ক যে বর্তমানে খুব একটা ভালো নয়, তা একাধিক ঘটনায় স্পষ্ট হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন বাবুন। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ার ইঙ্গিতও দিয়েছিলেন। এরপরই প্রকাশ্যে বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। যদিও পরবর্তীতে দিদির প্রতি অভিমান প্রকাশ করলেও সম্পর্ক ঠিক করার ইচ্ছাও জানিয়েছিলেন বাবুন। তবে সাম্প্রতিক ঘটনাবলিতে দু’জনের মধ্যে দূরত্ব আরও স্পষ্ট হয়েছে।
এই আবহেই সংবাদমাধ্যমের তরফে বাবুনকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যদি তাঁর কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে, তাহলে তিনি কি তাতে সাড়া দেবেন? এক মুহূর্তও না ভেবে বাবুন জানান, “মুখ্যমন্ত্রী বললেই আমি সঙ্গে সঙ্গে সেখানে সাড়া দেব। আমি মুখ্যমন্ত্রীর কথার আশায় বসে আছি। আমি অপেক্ষায় আছি উনি কবে বলবেন।”
উল্লেখ্য, কিছুদিন আগেই বাবুনের কালীপুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাবুনের ক্লাব কালীঘাট শিবশক্তি সংঘের পুজোয় হাজির হন তিনি। সেখানে শুভেন্দু অধিকারীকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান বাবুন। এমনকি মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। তাঁকে দাদা বলে সম্বোধন করে প্রকাশ্যেই শুভেন্দুর প্রতি নিজের সমর্থন জানান তিনি। বলেন, ‘দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।’ শুভেন্দু অধিকারীকে নিজের নেতা ও অভিভাবক বলেও উল্লেখ করেন বাবুন।
বাবুনের বিজেপিতে যোগদানের জল্পনা অবশ্য নতুন নয়। ২০২৪ সালে মমতা ব্যানার্জির সঙ্গে তাঁর সংঘাতের পরই বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। তবে সেই সময় বিজেপির তরফে বিষয়টি স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বাবুনকে দলে নেওয়ার সম্ভাবনা সরাসরি খারিজ করে তিনি বলেছিলেন, বিজেপি তাঁকে নেবে না। এমনকি মমতা ব্যানার্জির সঙ্গে বাবুনের ব্যক্তিগত বিবাদে বিজেপিকে না জড়ানোর বার্তাও দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: এবার মাছের আড়ত থেকে তোলাবাজির অভিযোগ, ফের ৭ দিনের পুলিশি হেফাজত সুমিত রায়ের
এদিকে, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রবণতা এবং রাজনৈতিক শিবির বদল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেই আবহে এবার বাবুনও কি বিজেপিতে যোগ দিতে চান? একসময় যাঁকে দলে নেওয়ার সম্ভাবনা খারিজ করেছিলেন শুভেন্দু, সেই বাবুনের জন্য কি এবার খুলবে বিজেপির দরজা? মুখ্যমন্ত্রী কি তাঁকে দলে যোগ দেওয়ার ডাক দেবেন? এখন সেটাই দেখার।