সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার। ভারতে জঙ্গি হামলা, টাকার মূল্যপতন, হাইকোর্টে জয় হাসিরানি রথের….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ডলারের বিপরীতে শক্তি হারাল ভারতীয় রুপি
ডলারের বিপরীতে ফের শক্তি হারাল ভারতীয় রুপি। অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়া এবং ক্রমাগত বিদেশি তহবিলের চাপে মঙ্গলবার দিনের শুরুতে ১৬ পয়সা দাম কমেছে ভারতীয় টাকার। এমনকি এখন তা দাঁড়িয়েছে ৯৬ টাকার নিচে। গত কয়েকদিনের ধারা বজায় রেখে আজও দরপতন হয়েছে রুপির। আজ বাজার খুলেছিল ৯৬.০৩ টাকায়। তবে তা কিছুক্ষণের মধ্যেই ৯৬.১৩-তে নেমে আসে, যা আগের দিনের বন্ধ দরের তুলনায় ১৬ পয়সা কম। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র আবেদন মানল না হাইকোর্ট
রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থা সিবিআই-র ভূমিকা নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। প্রাথমিক, উচ্চ প্রাথমিক, পুরসভা ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করেছে সিবিআই। তবে মঙ্গলবার সেই আবেদনের ভিত্তিতে শুনানি চলাকালীন কেন্দ্রীয় সংস্থার আবেদনটি কলকাতা হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। হাইকোর্ট এ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলেই জানিয়েছেন বিচারপতি। এমনকি সিবিআই যদি চায় সিট ভেঙে ফেলতে, তবে তারা সুপ্রিম কোর্টে মুভ করতে পারে বলেও জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ময়দানে বিজেপি নেতা
এসআইআর ইস্যুতে এমনিতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে উত্তাল গোটা দেশ। তবে এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির প্রাক্তন নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। তিনি দাবি করেছেন যে, ২০০৩ সালের পর থেকে এসআইআর-এ ভোটার তালিকা যত নাম তুলেছিলেন, সেই সমস্ত নাম বেআইনিভাবে বাদ দিতে উঠেপড়ে লেগেছিলেন জ্ঞানেশ কুমার। এমনকি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবসহ বাকি বিরোধীদের পাশাপাশি ককরোচ জনতা পার্টিকে একজোট হয়ে লড়াই করার কথা বলেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অরুণাচলে জঙ্গি হামলায় শহিদ অসম রাইফেলসের জওয়ান
অরুণাচল প্রদেশে ভারত-মায়ানমার সীমান্তের কাছে আসাম রাইফেলসের টহলদারির উপর হামলার ঘটনায় মৃত্যু হয়েছে এক জওয়ানের। এমনকি আহত হয়েছে আরও চারজন। ঘটনাটি ঘটে আজ সকাল ৬টা নাগাদ নামপং সার্কেল-এর নামপং এলাকায়। সেই সময় আসাম রাইফেলসের একটি টহল দল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্বে ছিল। তবে ওই এলাকায় বর্তমানে সীমান্তে ফেন্সিংয়ের কাজ চলছে। আচমকা লক্ষ্য করে গুলি চালানো হয় বলেই প্রাথমিকভাবে খবর। হামলায় ৪২ বছর বয়সী হাবিলদার জাংখোকাই কুকি জখম হলে পরে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) এবার অষ্টম শ্রেণিতেই সারথির সাইকেল
রাজ্যের ছাত্রছাত্রীদের হাতে সারথির সাইকেল বিতরণের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরা মধুসূদন পাল চৌধুরী হাইস্কুল থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। আগের সরকারের আমলে চালু হওয়া সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে সারথি প্রকল্প রাখা হয়েছে। এমনকি এবার সাইকেলের রং পরিবর্তন করা হয়েছে। নীলের বদলে দেওয়া হচ্ছে কমলা। ৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য। তবে সবচেয়ে বড় ব্যাপার, সারথি প্রকল্পের আওতায় সাইকেল এবার আর নবম নয়, বরং অষ্টম শ্রেণি থেকেই দেওয়া শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ১৭৫ একর জমিতে বিশাল প্রজেক্ট ইন্ডিয়ান অয়েলের
বাংলায় কোটি কোটি টাকা বিনিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের জন্য হলদিয়ায় মোট ১৭৫ একর জমির প্রয়োজন। এমনকি ইতিমধ্যেই ৮৫ একর জমি প্রস্তুত হয়েছে। বাকি জমির জন্য রাজ্য বর্তমানে কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। অনুমান করা হচ্ছে যে, এই প্রকল্পে আনুমানিক ৭ থেকে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে। অশোকনগরের পাশাপাশি রাজ্যের আরও চারটি জায়গায় জ্বালানি গ্যাস এবং তেল উত্তোলনের পরীক্ষা চালানো হয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) হাওড়া ডিভিশনে ৩ দিন ধরে বাতিল একাধিক লোকাল
হাওড়া ডিভিশনে ৩ দিন ধরে বাতিল থাকবে একাধিক ট্রেন। জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান এবং ব্যান্ডেল লাইনে ৯০ মিনিট করে পাওয়ার ব্লকের সিদ্ধান্ত গ্রহণ করেছে পূর্ব রেল। ব্যান্ডেল এবং শক্তিগড় স্টেশনের মধ্যে বৈদ্যুতিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে এই পাওয়ার ব্লকিং। সেই সূত্রে ৩০ সেপ্টেম্বর, ২ অক্টোবর এবং ৫ অক্টোবর এই তিন দিন রাত ২:১৫ থেকে ভোর ৩:৪৫ মিনিট পর্যন্ত এই ব্লক চলবে। এমনকি প্রতিদিন বাতিল থাকবে চারটি করে ট্রেন। সব মিলিয়ে মোট ১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) সকাল থেকেই বাংলায় NIA-র অভিযান
বাংলায় তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। উত্তর-পূর্ব ভারতে জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধে তাদের অভিযান এবার আরও জোরদার হয়েছে। আজ মঙ্গলবার অসম, পশ্চিমবঙ্গ এবং কেরালার ১৬টি স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে বলেই খবর। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশি সন্ত্রাসী সংগঠন জামায়াত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর নেটওয়ার্কের সন্ধানেই এই অভিযান চালানো হচ্ছে। এমনকি এই মামলায় আদালতে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) উপনির্বাচনে লড়বেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
হাইকোর্টে স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুরনো খুনের মামলায় গ্রেফতার হলেও তাঁর নির্বাচনে লড়াইয়ে আর কোনও বাধা রইল না। জেলের বাইরে থেকে উপনির্বাচনে লড়তে পারবেন তিনি। আগামী ২০ অক্টোবর পর্যন্ত সমস্ত মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে রাজ্যের উচ্চ আদালত। আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য উঠেছিল। আসলে কংগ্রেস মিলন প্রধানকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরদিনই তাঁকে পুরনো খুনের মামলায় গ্রেফতার করা হয়। এমনকি তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের করা হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) উপনির্বাচনের আগে হাইকোর্টে জয় হাসিরানি রথের
উপনির্বাচনের আগে বড় জয় পেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর হলফনামায় জমা দেওয়া তথ্যে গরমিল রয়েছে, এমনটা অভিযোগ তুলে উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন কংগ্রেসের এক নেতা। তবে সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ফলে উপনির্বাচনের আগে আর বিজেপির কাছে রইল না কোনও বাধা। আসলে তাঁর হলফনামায় জন্মসাল হিসেবে উল্লেখ ছিল ১৯৬৬। কিন্তু শিক্ষাগত যোগ্যতায় তাঁর মাধ্যমিক পাশের বছর ছিল ১৯৬৫। তা নিয়েই মামলা করা হয় উচ্চ আদালতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন