সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের। ৫% মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বা ডিএ বৃদ্ধি করল সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের সুপারিশের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে, রাজ্য সরকারগুলি দিওয়ালি উৎসবকে আরও আনন্দময় করতে তাদের রাজ্য কর্মচারী ও পেনশনভোগীদের উপহার দিচ্ছে। এহেন অবস্থায় দেশের আরও একটি রাজ্য সরকার কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
৫% ডিএ বৃদ্ধি করল সরকার
সূত্রের খবর, সিকিম সরকার (Government of Sikkim) রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধি করেছে। দুর্গাপুজো, দিওয়ালির আগে সরকারের এহেন সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য কর্মচারী ও পেনশনভোগীরা। ১ জানুয়ারি থেকে এই নতুন ভাতা লাগু হবে বলে খবর। অর্থাৎ এবার সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, বেতন ও ডিএ মিলিয়ে মোটা টাকা ঢুকবে বলে অনুমান।
আরও পড়ুনঃ ৪ অক্টোবর হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
সরকার বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে পুরোনো মূল বেতন কাঠামোর অধীনে বেতনপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর ২৫৭% থেকে বাড়িয়ে ২৬২% করার বিস্তারিত বিবরণ দিয়েছে। পরবর্তীকালে, সংশোধিত মূল বেতন কাঠামোর অধীনে বেতনপ্রাপ্ত কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ এবং ডিআর ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে।
৫০,০০০ কর্মচারী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধি হবে
বর্তমানে সিকিম সরকারের অধীনে প্রায় ৫০,০০০ কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন। রাজ্যের অর্থ বিভাগ অনুসারে, নিয়মিত বেতন স্কেলে সংশোধিত বেতন প্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মচারী এবং প্রকল্প-ভিত্তিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ক্ষেত্রেও সংশোধিত ডিএ হার প্রযোজ্য হবে। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের অধীনে পুরোনো বেতন স্কেল এবং গ্রেড পে কাঠামোতে বেতন প্রাপ্ত সর্বভারতীয় পরিষেবা (এআইএস) কর্মকর্তাদের ডিএ ২৫৭% থেকে বাড়িয়ে ২৬২% করা হয়েছে।
এদিকে, সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে সংশোধিত মূল বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়া এআইএস (AIS) অফিসারদের ডিএ (DA) ৫৮% থেকে বাড়িয়ে ৬০% করা হয়েছে। সরকারের জারি করা সার্কুলার অনুযায়ী, ডিএ এবং ডিআর (DR) গণনার ক্ষেত্রে ৫০ পয়সা বা তার বেশি ভগ্নাংশকে পরবর্তী পূর্ণ টাকায় পূর্ণসংখ্যায় রূপান্তর করা হবে, এবং ৫০ পয়সার কম ভগ্নাংশ উপেক্ষা করা হবে।