সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গে আসতে চলেছে একের পর এক বিনিয়োগ। ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা। সব ঠিক থাকলে আগামী দিনে দেশের একাধিক নামকরা কোম্পানি নিশ্চিত করবে তাদের বিনিয়োগ। বিনিয়োগ করার ভাবনা ইতিমধ্যে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর শুরু হবে প্রকল্পের প্রাথমিক কাজ। জানা গিয়েছে, বাংলায় বিনিয়োগের ইচ্ছাপ্রকাশ করেছে অম্বুজা নিওটিয়া গ্রুপ (Ambuja Neotia Group)।
বাংলায় এবার বিনিয়োগ করবে অম্বুজা নিওটিয়া গ্রুপ?
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, অম্বুজা নিওটিয়া গ্রুপ রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে। বিনিয়োগ করা হতে পারে রাজ্যের হসপিটালিটি বিভাগে। ধাপে ধাপে করা হতে পারে বিনিয়োগ। বিনিয়োগের কাজ সম্পূর্ণ হতে সময় লাগতে পারে ৫ থেকে ৮ বছর।
এই বৃহৎ কর্মপরিকল্পনায় রয়েছে মোট ১৪টি হসপিটালিটি প্রজেক্ট, যার আওতায় তৈরি করা হতে পারে ১ হাজার ৮৭টি কক্ষ, এবং তিনটি টাউনশিপ প্রকল্প। সদ্য পাওয়া খবর অনুযায়ী, এই সম্ভাব্য বিনিয়োগের ব্যাপারে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে আলোচনা হয়েছে।
অম্বুজ নিওটিয়া হেলথকেয়ারও পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার পথে অগ্রসর হয়েছে বলে খবর মিলেছে। অম্বুজ নেওটিয়া হেলথকেয়ার প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি হাসপাতাল তৈরি করতে পারে। বেসরকারি এই হাসপাতাল তৈরি হতে পারে হাওড়ায়। এই হাসপাতালে থাকতে পারে ১২০টি বেড। মূলত নারী, শিশু ও সদ্যোজাতদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে খোলা হবে এই হাসপাতাল। ২০২৯ সালের এপ্রিল মাসে সর্বসাধারণের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে দরজা খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। হাওড়ার ঠিক কোথায় এই বেসরকারি হাসপাতাল তৈরি হবে সে ব্যাপারে আপাতত বিশদে জানা যায়নি।
তালিকায় রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিও
রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেই আশা করা হচ্ছে। এছাড়াও আরও একাধিক কোম্পানির পক্ষ থেকে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার মধ্যে অন্যতম। রিলায়েন্স ইন্ডাস্ট্রি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করার ব্যাপারে উৎসাহী বলে খবর। শক্তি উৎপাদন, পরিবহন, সিনেমা, প্রযুক্তির মতো ক্ষেত্রে বিনিয়োগ করার ব্যাপারে কোম্পানি উৎসাহ দেখিয়েছে বলে খবর। যদি নির্দিষ্ট কোনো অঙ্ক, মানে ঠিক কত টাকার বিনিয়োগ করা হতে পারে বা কোন খাতে কত টাকা ধার্য করা হতে পারে, সে সম্পর্কে আপাতত বিশেষ কিছু জানা যায়নি।