অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপূজো (Durga Puja) উপলক্ষে রাজ্যের সকল শ্রেণীর রেশন কার্ডধারীদের জন্য খাদ্য বিভাগ একটি বিশেষ খাদ্য প্যাকেজ (Ration Package) ঘোষণা করেছে। সাধারণত রেশনে চাল ও আটা/গম দেওয়া হয়। তবে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া আগেই ঘোষণা করেছিলেন যে, পুজো উপহার হিসেবে খাদ্য দফতর রেশনে ভর্তুকি মূল্যে চিনি ও ময়দাও দেবে। পরে জানা যায় প্যাকেজে রয়েছে সুজিও।কত পরিমাণে ও কত দামে মিলবে এই খাদ্য সামগ্রীগুলি আসুন জেনে নেওয়া যাক।
দুর্গাপুজো পুজোয় রেশনে বিশেষ প্যাকেজ
প্রতিটি পরিবার এককালীন বিতরণে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি পাবেন। খাদ্য বিভাগের মতে, এই জিনিসগুলি বাজার দরের তুলনায় প্রায় ৫০% ভর্তুকিতে সরবরাহ করা হবে, তবে প্রতিটি জিনিসের নির্দিষ্ট বিক্রয় মূল্য এখনও সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়নি। খাদ্য দফতর নির্দেশ দিয়েছে যে এই প্যাকেজের জিনিসগুলি ১৪ অক্টোবরের মধ্যে সমস্ত রেশন দোকানে পৌঁছে দিতে হবে।
এই অতিরিক্ত খাদ্যসামগ্রীগুলি চাল, গম বা আটার নিয়মিত বরাদ্দের পাশাপাশি গ্রাহকদের দেওয়া হবে। তবে, কার্ডের ধরণ অনুযায়ী কোন সামগ্রী কত পরিমানে দেওয়া হবে সেই সংক্রান্ত নির্দিষ্ট বিবরণ চূড়ান্ত সরকারি নির্দেশিকা প্রকাশিত হওয়ার পরেই জানা যাবে। গত বছর পর্যন্ত, পুজোর বিশেষ খাদ্য প্যাকেজটি মূলত জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত সুবিধাভোগীদের জন্য উপলব্ধ ছিল, তবে এই বছর, রাজ্য খাদ্য প্রকল্পের সুবিধাভোগীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মোট ২০,২১৭,৫২৬টি পরিবার এই সুবিধা পাবে। খাদ্য বিভাগ আশা রাখে যে এই সিদ্ধান্তটি উৎসবের আগে রেশন ব্যবস্থার আওতাভুক্ত আরও অনেক পরিবারের মুখে হাসি ফোটাবে।
আরও পড়ুন: শুধু স্মিত নন, ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে এই ৬ বছরের খুদে! কীভাবে জানেন?
রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু সমস্ত রেশন কার্ডহোল্ডারদের জন্য পূজার প্যাকেজটি চালু করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে, কিছু গ্রাহক ও ডিলার সময়মতো সরবরাহ পৌঁছানো এবং নির্ধারিত মূল্যে বিতরণ নিশ্চিত করতে রেশনের দোকানগুলিতে নজরদারির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। খাদ্যশস্যের নিয়মিত বিতরণের পাশাপাশি, রাজ্য খাদ্য বিভাগ প্রায়শই এই ধরনের বিশেষ প্যাকেজের মাধ্যমে উৎসবের মরসুমে সাধারণ মানুষের খাদ্য-সম্পর্কিত খরচ কমানোর উদ্যোগ নিয়ে থাকে।