বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের (Pakistan) দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে BSF-র গুলিতে। এমন দাবি জানিয়েই এবার পশ্চিমের দেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করল ইসলামাবাদ। আজ অর্থাৎ শনিবারই ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স’কে তলব করেছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক। প্রতিবেশী দেশটির বিদেশ মন্ত্রকের বক্তব্য, কোনও রকম প্ররোচনা ছাড়াই অকারণে পাক নাগরিকদের উপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (Border Security Force)!
ভারতীয় হাই কমিশনারকে তলব করে কী জানাল পাকিস্তান?
শনিবার, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে দাবি করা হয়, গত 2 অক্টোবর, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বেদিয়ান সেক্টরে ভারতীয় জওয়ানদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি নাগরিকের। আজমত রাসুল শাহ ও মোহসিন জাট্ট নামক দুই পাকিস্তানির মৃত্যু হওয়ার সাথে সাথে আরও একজনের আহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের বক্তব্য, ওই দুই পাকিস্তানি নাগরিক নাকি সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। এমনকি তাঁরা সীমান্ত পার করার চেষ্টাই করেননি। তারপরেও নাকি ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাঁদের উপর গুলি চালিয়েছে!
এই ঘটনায় এবার পাকিস্তান ফের ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে স্বচ্ছ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে! শুধু তাই নয়, পাকিস্তানের তরফে ভারতের এই পদক্ষেপকে সম্পূর্ণ অন্যায্য ও আক্রমণাত্মক বলে উল্লেখ করা হয়। সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে অকারণে দুই পাকিস্তানি নাগরিককে হত্যার অভিযোগ তুলে ভারতীয় হাই কমিশনারকে তলব করে গোটা ঘটনার নাকি নিন্দা জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি তাঁকে দুই পাকিস্তানি নাগরিককে হত্যার কারণও ব্যাখ্যা করতে বলা হয়েছে!
আরও পড়ুন: সুপ্রিম কোর্টকে জামিন নিয়ে পরামর্শ দিয়ে বিপাকে পড়লেন বাংলার ট্রায়াল কোর্টের বিচারক
এখানেই শেষ নয়, পাকিস্তানের তরফে দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় ভারতকে হুঁশিয়ারি দেওয়ার সাথে সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক আইন এবং সীমান্ত সংক্রান্ত নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে! যদিও এ নিয়ে এখনও পর্যন্ত নতুন করে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারতীয় বিদেশ মন্ত্রক। আলাদা করে BSF এর তরফেও পাকিস্তানের এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনও বিবৃতি আসেনি।