বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারের (Stock Market) ব্যাপক উত্থান পতনের মাঝে কোন শেয়ারে বিনিয়োগ করা ঠিক হবে সেটাই বুঝে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা (Investment)। এমতবস্থায়, আশার আলো দেখাতে পারে বেদান্ত গ্রুপের বেদান্ত পাওয়ার লিমিটেড (Vedanta Power Limited) শেয়ারটি। বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছেন, আগামী সোমবার অর্থাৎ পরশুদিন থেকে এই সংস্থার শেয়ারের দামে বদল আসতে পারে। বেশ খানিকটা বেড়ে যেতে পারে দাম। কিন্তু ঠিক কোন কারণে দাম বাড়বে এই শেয়ারের? বিনিয়োগের আগে এ ধরনের প্রশ্ন তো থাকবেই বিনিয়োগকারীদের।
যে কারণে দাম বাড়তে পারে এই শেয়ারের
চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বেদান্ত পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ বিক্রি বেড়েছে 26 শতাংশ। যার ফলে এই মুহূর্তে সংস্থাটির বিদ্যুৎ বিক্রির পরিমাণ প্রায় 560 কোটি ইউনিটে গিয়ে পৌঁছেছে। যেখানে গত আর্থিক বছরে একই সময়ে সংস্থাটি 443 কোটি ইউনিটের থেকে সামান্য বেশি পরিমাণ বিদ্যুৎ বিক্রি করেছিল। অর্থাৎ চলতি আর্থিক বছরে সংস্থাটির বিদ্যুৎ বিক্রি বেড়েছে অনেকটাই। সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে তাদের বিদ্যুৎ বিক্রির পরিমাণ 32 শতাংশ বেড়ে 1,081.7 কোটি ইউনিটে পৌঁছেছিল।
সংস্থাটির দাবি, তাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলির কার্যক্ষমতা বৃদ্ধির সাথে সাথে অন্যান্য আনুষাঙ্গিক দিক থেকে উন্নতির কারণে তাদের বিদ্যুৎ বিক্রিও লাফিয়ে বেড়েছে। সংস্থাটির ব্যবসায়িক ফলাফল বলছে তারা বিগত দিনগুলিতে ভাল পরিমাণ মুনাফা অর্জন করেছে এবং ব্যবসা যেভাবে এগোচ্ছে তাতে আগামী দিনেও মোটা টাকা মুনাফা ঢুকবে এই সংস্থার ঘরে। মূলত সে কারণেই বিশেষজ্ঞরা মনে করছেন সোমবার থেকে এই সংস্থার শেয়ারের দাম বাড়তে পারে।
আরও পড়ুন: ব্রাজিল ধরাছোঁয়ার বাইরে, ভারতকে ৪-০ গোলে হারিয়ে প্রমাণ করে গেলেন ভিনিরা
শেষবারের মতো গত 2 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বেদান্ত পাওয়ার লিমিটেডের একটি শেয়ারের দাম খানিকটা কমে 32 টাকা 75 পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। যেহেতু গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে গতকাল বাজার বন্ধ ছিল এবং আজ শনিবার ও আগামীকাল রবিবার স্বাভাবিকভাবেই শেয়ারবাজার বন্ধ থাকবে, ফলে সোমবার বাজার খোলার পর এই শেয়ারের দামে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। কয়েকটি ব্রোকারেজ ফার্মও ইতিমধ্যেই এই শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)