বিক্রম ব্যানার্জী, কলকাতা: সমুদ্র তখন উত্তাল। আর সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে ভিয়েতনামের (Vietnam) এক নাগরিককে উদ্ধার করে শিরোনামে চলে এলো ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। জানা যাচ্ছে, আন্দামান ও নিকোবর (Andaman) কমান্ডের তৎপরতায় ইন্দিরা পয়েন্টের একেবারে কাছে মের্চেন্ট জাহাজ MT Sun 09 থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই বিদেশি নাগরিককে। সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিশেষ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে নিরাপদে নিয়ে আসায় ভারতীয় নৌসেনার প্রশংসা চলছে নানা মহলে।
বিদেশির প্রাণ বাঁচালো ভারতীয় নৌ-বাহিনী
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্চেন্ট জাহাজটিতে থাকা ওই ভিয়েতনামী নাগরিক গভীর সমুদ্রে প্রতিকূল অবস্থার মধ্যে আটকে পড়েন। আর ঠিক সেই সময় নৌকা নিয়ে দুর্ঘটনস্থলে পৌঁছে তাঁকে সেখান থেকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনীর জওয়ানরা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। যদিও ওই বিদেশি নাগরিককে প্রাথমিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার পরে ক্যাম্পবেল বেতে নিয়ে গিয়েছিলেন নৌবাহিনীর সদস্যরা।
এ নিয়ে আন্দামান ও নিকোবর কমান্ডের তরফে জানানো হয়েছে, দ্রুত সিদ্ধান্ত এবং বিভিন্ন ইউনিটের মাধ্যমে সমন্বয় করেই সফলভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। মাঝ সমুদ্রে ভিয়েতনামের নাগরিকের প্রাণ রক্ষা করে ভারতীয় নৌসেনা যে উদাহরণ তৈরি করল তা আজীবন লেখা থাকবে ইতিহাসের পাতায়! এমনিতেও ভারতীয় নৌবাহিনীর এমন কর্মকাণ্ড দেখে ইতিমধ্যেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেট নাগরিকরাও।
আরও পড়ুন: “কোনও মানেই হয় না” মহম্মদ শামিকে টিম ইন্ডিয়ায় না ফেরানোর আহ্বান দীনেশ কার্তিকের
উল্লেখ্য, এই ঘটনার প্রায় 24 ঘন্টা আগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যে 66 বছর বয়সী এক অসুস্থ ব্যক্তিকেও দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছিল। মূলত লক্ষদ্বীপ প্রশাসন এবং কোচি ও কাভারাত্তি-র কোস্ট গার্ড কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই ওই ব্যক্তিকে আগাট্টি থেকে কোচিতে নিরাপদস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।