সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিতে চলেছে রেল। ভারতীয় রেল (Indian Railways) ৪০ ঘণ্টার বেশি যাত্রার ১১টি দূরপাল্লার ট্রেনকে উন্নত পরিচ্ছন্নতা ও পরিষেবার জন্য চিহ্নিত করেছে। লক্ষ্য, যাত্রার শুরুতেই নয়, পুরো পথেই যাত্রীরা পরিষ্কার কোচ, পরিচ্ছন্ন শৌচাগার এবং উন্নত পরিষেবা পান তা নিশ্চিত করা।
১১টি দূরপাল্লার ট্রেন নিয়ে বড় পদক্ষেপ রেলের
রেলওয়ে বোর্ডের তরফে জারি করা ৩ অক্টোবরের চিঠি অনুযায়ী, চিহ্নিত ট্রেনগুলিতে যাত্রাপথজুড়ে পরিচ্ছন্নতা ও পরিষেবার মানের ওপর বিশেষ নজর রাখা হবে। দীর্ঘ যাত্রায় কোচ, শৌচাগার, আবর্জনা পরিষ্কার এবং ছোটখাটো মেরামতির সমস্যা সময়মতো সমাধান না হলে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। তাই পুরো যাত্রাপথে পরিষেবার মান বজায় রাখতেই এই উদ্যোগ।
এক রিপোর্ট অনুযায়ী, রেলওয়ে বোর্ড (আরবি) সংশ্লিষ্ট জোনগুলোকে যাত্রাপথে এই ট্রেনগুলোর ওপর কড়া নজর রাখতে বলেছে। ট্রেনটি গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো যাত্রাপথে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেওয়া হবে। এই তালিকায় দেশের দীর্ঘতম চলাচলকারী কয়েকটি ট্রেন অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে বিবেক এক্সপ্রেস, অবধ আসাম এক্সপ্রেস, অম্রপালি এক্সপ্রেস এবং ঝিলাম এক্সপ্রেস অন্যতম। চিহ্নিত ট্রেনগুলোর মধ্যে বিবেক এক্সপ্রেসের যাত্রাপথ দীর্ঘতম, যা প্রায় ৪,১৫৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং এর রেক পরিবর্তনের সময় ১৭০ ঘণ্টা।
আরও পড়ুনঃ উৎসবের মরসুমে পকেটে টান আমজনতার, রেপো রেট বাড়াল RBI, কতটা?
এক নজরে ট্রেনের তালিকা
দেশের দীর্ঘতম রেলপথে চলাচলকারী ১১টি ট্রেনে পরীক্ষামূলক ব্যবস্থা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিবেক এক্সপ্রেস (ডিব্রুগড়–কন্যাকুমারী), অবধ আসাম এক্সপ্রেস (ডিব্রুগড়–লালগড়), আরকেএমপি–আগরতলা এক্সপ্রেস, আহমেদাবাদ–সহর্ষা এক্সপ্রেস, দানাপুর–এসএমভিবি বেঙ্গালুরু এক্সপ্রেস, পুনে–এসওইউ (স্ট্যাচু অফ ইউনিটি) এক্সপ্রেস, অম্রপালি এক্সপ্রেস (কাটিহার–অমৃতসর), ঝিলাম এক্সপ্রেস (পুনে–জম্মু তাওয়ি), রাজগির–এলটিটি মুম্বাই এক্সপ্রেস, হাওড়া–যশবন্তপুর এক্সপ্রেস এবং অমৃতসর–সহর্ষা গরীব রথ এক্সপ্রেস। প্রয়াগরাজ ছেওকি হয়ে যাওয়া রাজগির–এলটিটি এবং আরকেএমপি–আগরতলা এক্সপ্রেসের যাত্রীরাও এই নতুন ব্যবস্থা থেকে সরাসরি উপকৃত হবেন।