বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক SBI এর গ্রাহকদের জন্য দুঃসংবাদ (State Bank Of India)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) রেপো রেট বাড়িয়ে দিলেও ব্যাঙ্কে ডিপোজিটের সুদের হার এখনই বাড়ছে না। এ প্রসঙ্গে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেট্টি জানিয়েছেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ডিপোজিটের সুদের হারে কোনও পরিবর্তন নাও আসতে পারে। এর অর্থ স্বাভাবিক নিয়মে ব্যাঙ্কে গচ্ছিত অর্থের উপর সুদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকলেও আপাতত তা সত্যি হচ্ছে না।
বহু গ্রাহকের জন্য খারাপ খবর
সম্প্রতি প্রত্যাশিতভাবেই 25 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে RBI। কেন্দ্রীয় ব্যাঙ্কের সিদ্ধান্তের ফলে বর্তমানে রেপো রেট 5.50 শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। সাধারণত রেপো রেট বাড়লে ব্যাঙ্কের বিভিন্ন লোনের সুদ বাড়ার পাশাপাশি গচ্ছিত আমানতের উপরেও সুদের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে সরাসরি উপকৃত হন গ্রাহকরা। তবে SBI এর চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী, গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করার জন্য এখনই যে সুদ বৃদ্ধির প্রয়োজন আছে এমনটা মনে করছে না SBI।
সাধারণ ডিপোজিটের পাশাপাশি ফিক্সড ডিপোজিট, MIS এর মতো আকর্ষণীয় স্কিমের ক্ষেত্রেও সমস্যায় পড়বেন গ্রাহকরা। কারণ, RBI রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণা করলেও এখনই FD বা মান্থলি ইনকাম স্কিমের মতো প্রকল্পে টাকা রাখলেও প্রাপ্ত সুদের পরিমাণ বাড়ছে না। নতুন সুদের হারের জন্য অন্তত দুই থেকে তিন মাস অপেক্ষা করতে হতে পারে গ্রাহকদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভাল ফুটবল খেলেই শিল্ড ছিনিয়ে নিল মোহনবাগান, খালি হাতে ফিরল ইস্টবেঙ্গল
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান একেবারে খোলাখুলি জানিয়েছেন, ব্যাঙ্কগুলিতে ঋণের চাহিদা যদি ভবিষ্যতে বর্তমান সময়ের মতোই শক্তিশালী থাকে কিংবা আরও বৃদ্ধি পায় সে ক্ষেত্রে কিছু আর্থিক প্রতিষ্ঠান সুদের পরিমাণ বাড়াতে পারে। কেননা, বেশি পরিমাণ ঋণ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকা প্রয়োজন। ঠিক অন্যদিকে RBI রেপো রেট বাড়ানোর কারণে চাপে পড়তে পারেন ঋণ গ্রাহকরা। কারণ, আমানতকারীদের সুদের পরিমাণ এখনই না বাড়লেও লোনের ক্ষেত্রে সুদের পরিমাণ এখনই বাড়তে পারে।