প্রীতি পোদ্দার, কলকাতা: পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকেই শুরু হল দেবীপক্ষ। স্বাভাবিকভাবেই তাই পুজোর আমেজ ছড়িয়ে পড়েছে চারিদিকে। আগামীকাল থেকেই কমবেশি প্রায় সকল প্যান্ডেল উদ্বোধন শুরু হয়ে যাবে। কিন্তু এই পুজোর আমেজের মাঝেই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি (Rain)। আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দুর্গাপুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে না। অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) বিস্তীর্ণ অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এক নজর জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)।
আজকের আবহাওয়া
আজ সকাল থেকেই শুষ্ক আবহাওয়া দেখা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায়। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া বজায় রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোর শুরুতে আবহাওয়া শুকনো থাকলেও মাঝের দিকে হতে পারে বৃষ্টি। চতুর্থী থেকে ষষ্ঠী উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝেমধ্যে বেশ কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তার জেরে দু-এক জায়গায় বৃষ্টিপাত হবে। দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই।
আরও পড়ুন: ক্লাস বাদ দিয়ে মেকআপ! অর্ধেক বেলায় ছুটি, পুরুলিয়ার স্কুল শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে উত্তরবঙ্গেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল, রবিবার, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুজোর কয়েকদিনেও হতে পারে বৃষ্টি, তাই ওই সময়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে ছাতা, রেইনকোট অবশ্যই ব্যবহার করবেন।