বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, দিল্লির 181 সাউথ অ্যাভিনিউতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে বসে ছিলেন তিনি। মমতার সঙ্গী হয়েছিলেন প্রতিমা মন্ডল এবং দোলা সেন। আর সেই বিক্ষোভস্থল থেকেই তাঁদের আটক করে নিয়ে গেল পুলিশ। আটক করা হয়েছে সাংসদ ডেরেককেও। ইতিমধ্যেই সেই খবর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে ডেরেক দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরা মাত্র তিনজন শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাতেই তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। ডেরেক জানিয়েছেন, “আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না। 40 মিনিট ধরে গাড়ি চলছে। কোনও অজানা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমাদের!”
বিক্ষোভ দেখাতে গিয়েই আটক
তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লি পুলিশের প্রিজন ভ্যানে বসে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পাশেই রয়েছেন দোলা সেন এবং প্রতিমা মন্ডল। প্রিজন ভ্যানের ঠিক উল্টোদিকে বসে রয়েছেন সাংসদ ডেরেক সহ তৃণমূলের বাকি নেতারা। ওই ভিডিওতেই ডেরেক বলেন, “সাউথ অ্যাভিনিউতে একেবারে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা। মাত্র তিনজন ছিলেন। মমতাদি, প্রতিমা মন্ডল এবং দোলা সেন। তা সত্ত্বেও পুলিশরা আটক করে নিয়ে যাচ্ছে!”
ডেরেক আরও বলেন, “কোনও রকম পোস্টার ছাড়াই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছিল। এক পাশে মমতাদি, দোলা সেন এবং প্রতিমা মন্ডল ছিলেন। অন্যদিকে সমিরুল, শাকিব এবং আমি ছিলাম। এছাড়াও আরও দুজন সাংসদ ছিলেন। আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানিনা। 40 মিনিট ধরে দিল্লিতে ঘুরে যাচ্ছি। একেবারে বাজেভাবে গাড়ি চালাচ্ছে।”
আরও পড়ুন: “অজানা উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আমাদের” এবার দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দোপাধ্যায়েরা
ওই ভিডিওতেই মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রতিমা মন্ডলকে বলতে শোনা যায়, “পশ্চিমবঙ্গের মানুষ দেখুক আজ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের অধিকার রক্ষার জন্য কীভাবে লড়াই করে চলেছেন। দিদি সহ আমাদেরকে একটা প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে, যেন আমরা কোনও অপরাধী। আমাদের এমনভাবে কয়েদি করে নিয়ে যাচ্ছে আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বলব দিদি আপনাদের সাথে আছে এবং আপনাদের অধিকার রক্ষার জন্য দিদি যে লড়াই করে চলেছে তার জন্য আমরা সকলে তাঁর কাছে কৃতজ্ঞ।”