সৌভিক মুখার্জী, কলকাতা: রবিবার ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ ধরায় পুলিশ। সোমবার সকালেই তাঁকে জিজ্ঞাসা করার জন্য ডাকা হয়েছিল শেক্সপিয়ার সরণী থানায়। তবে এদিন হাজিরা দিলেন না তৃণমূল সাংসদ। বরং পুলিশকে ইমেইল করে তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের আগে অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার। যেহেতু তিনি একজন সাংসদ, তাই পূর্বনির্ধারিত অনেক কর্মসূচি থাকে তাঁর।
থানায় হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ এবং পুর আধিকারিকদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। সেই অভিযোগে তিনটি পৃথক মামলা দায়ের করে পুলিশ। অনেক আগেই ওই পার্টি অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগে একবার অভিষেককে তলব করে জিজ্ঞাসাবাদ করা হলেও ফের কিছু তথ্য জানতে চান তদন্তকারীরা। সেই সূত্রে রবিবার সাংসদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ।
এর আগে বুধবার নোটিশ ধরাতে গেলেও বাড়িতে ছিলেন না তৃণমূল সাংসদ। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন তিনি। তাই সেদিন নোটিশ গ্রহণ করার মতো কেউ ছিল না। আধিকারিকদের ফিরে যেতে হয় বুধবার। তবে শনিবার দিল্লি থেকে অভিষেক কলকাতায় ফিরলে রবিবারই নোটিশ ধরাতে কালীঘাটের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। নোটিশে সোমবার সকালেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তৃণমূল সাংসদকে। তবে এদিন থানায় উপস্থিত না হয়ে সরাসরি ইমেইল পাঠিয়েছেন যুবরাজ।
আরও পড়ুন: এবার গ্রুপ-ডি কর্মীদের পরীক্ষা নেবে রাজ্য সরকার, নয়া পদক্ষেপ নবান্নর
ইমেইলে অভিষেক জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে জানানো প্রয়োজন। তিনি লেখেন, “আমি একজন সংসদ সদস্য এবং আমার কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি থাকে। ১১ অক্টোবর আমাকে একটা নোটিশ দেওয়া হয়েছিল এবং পরের দিনই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে এত কম সময়ের নোটিশে আমার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। পর্যাপ্ত সময় না দিয়ে এইভাবে হাজিরার নির্দেশ একতরফা, স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক।” ৪৮ ঘণ্টা সময় হাতে রেখে যাতে তাঁকে তলব করা হয় সেই অনুরোধ পুলিশকে করেছেন তিনি। এমনকি তদন্তে সর্বাত্মকভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ।