সৌভিক মুখার্জী, কলকাতা: ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অভিষেককে (Abhishek Banerjee) বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তবে থানায় হাজিরা না দিয়ে ইমেইল পাঠান তৃণমূল সাংসদ। এদিকে তারই মধ্যে বড় ধাক্কা খেলেন তিনি। পুলিশের নোটিশের বিরুদ্ধে দায়ের করা মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে মামলাটি দ্রুত শুনানির জন্য গ্রহণ করা সম্ভব নয়।
হাইকোর্টে আরও ধাক্কা খেলেন অভিষেক
নির্বাচনে ভরাডুবির পর বিভিন্ন থানায় একাধিক অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। বেশ কয়েকটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পেয়েছেন তিনি। এর আগে বিচারপতি কৃষ্ণা রাও অভিষেকের মামলা থেকে সরে দাঁড়ানোর পর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে প্রধান বিচারপতি সেই মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে পাঠান। সেখানেই এবার ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ।
মঙ্গলবার শুনানিতে তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ সংক্রান্ত গোপনীয় তথ্য সংবাদমাধ্যমে একাধিকবার লিক হয়ে যাচ্ছে বলেই অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এমনকি এই ধরনের মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন তুলে অবিলম্বে আইনি সুরক্ষা চেয়ে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক। তবে বিচারপতির সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই দাবি খারিজ করে দিয়ে স্পষ্ট জানান, এই মামলার দ্রুত শুনানি সম্ভব নয়।
আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে টাকা লোপাট! বিজেপি নেত্রীর বিরুদ্ধে কোলাঘাট থানায় প্রতিবন্ধী মহিলা
এর আগে ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসে পুলিশ। এমনকি পরদিন সকালেই শেক্সপিয়ার সরণী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তৃণমূল সাংসদকে। তবে তিনি হাজিরা না দিয়ে থানায় ইমেইল পাঠিয়ে জানান যে অন্তত ৪৮ ঘণ্টা সময় দরকার। পরে ফের পুলিশ তাঁর বাড়িতে গিয়ে বুধবার তলব করে। তবে এক্ষেত্রে উল্লেখ্য, বিলবোর্ড কাণ্ডের ঘটনায় তিনটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।