সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে এসে সিজেপির প্রতিবাদে যোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি (Dhruv Rathee)। যদিও পরে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি ককরোচ জনতা পার্টির কোনও সদস্য নন, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে ভোট চুরির প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন। তবে ভারত থেকে ফিরে এবার লন্ডনে ভোট চুরির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ঘোষণা করেছেন ইউটিউবার। ব্রিটিশ রাজধানীতে থাকা তাঁর সমর্থকদের সঙ্গে শনিবার পার্লামেন্ট স্কয়ারের এক বিক্ষোভে যোগ দেবেন বলে জানিয়েছেন ধ্রুব।
লন্ডনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠি
পিটিআই-র প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার গুরগাঁও সেক্টর ৫৬-তে অবস্থিত নিজ বাসভবন থেকে দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার এক সপ্তাহ পর ধ্রুব রাঠি লন্ডনে এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার ঘোষণা করেছেন। ককরোচ জনতা পার্টির ডাকা যন্তর মন্তরের বিক্ষোভের আগেই তাঁকে আটক করা হয়। শনিবার রাতে মুক্তি পাওয়ার পর এবার লন্ডনে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার ঘোষণা ইউটিউবারের।
এক্স হ্যান্ডেলে আজ ধ্রুব রাঠি লিখেছেন, “আপনারা যদি এখানে থাকেন তাহলে আগামীকাল দুপুর বারোটায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে বিক্ষোভে যোগ দিন। আমি এইমাত্র লন্ডনে পৌঁছলাম। ভোট চোর এবং গণতন্ত্রের হত্যাকারীর আসল রূপ বিশ্বের দেখার সময় এসেছে। আন্তর্জাতিক ডঙ্কা বাজানোর সময় এসে গিয়েছে।”
I’ve just reached London
It’s time the world sees the reality of vote chor and murderer of democracy.
International danka bajane ka time aa gaya hai
Join the protest tomorrow in front of Mahatma Gandhi’s statue in parliament square at 12pm if you’re here
Jai Hind 🇮🇳
— Dhruv Rathee (@dhruv_rathee) October 16, 2026
আরও পড়ুন: বাড়ি থেকে গ্রেফতার অভিজিৎ দীপকে, এবার কি তিহার জেলে জায়গা হবে সিজেপি প্রধানের?
প্রসঙ্গত, রাজধানীতে বিক্ষোভকারীদের সমাবেশ ঠেকাতে দিল্লি পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করায় ধ্রুবকে হেফাজতে নেওয়া হয়। ১০ অক্টোবর দিল্লি পুলিশ নিরাপত্তা উদ্বেগ এবং পদ্ধতিগত প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বিক্ষোভের অনুমতি দেয়নি। পাশাপাশি যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সিজেপির নেতা আশুতোষ ওঙ্কা এবং সৌরভ দাস সেখানে জাতীয় পতাকা হাতে ঢোকার অভিযোগে ৫ দিনের হেফাজতে নেওয়া হয়েছে তাঁদের। তার পাশাপাশি গতকালের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন অভিজিৎ দীপকে। তারই মধ্যে লন্ডনে ফের বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির।