সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর (Durga Puja 2026) কদিন জনজোয়ারে ভেসেছে কলকাতা। সড়কপথের পাশাপাশি ট্রেন ও মেট্রোর ওপর ভরসা করেছে মানুষ। এবারের পুজোয় শিয়ালদা ডিভিশিনে যাত্রী সংখ্যা ভেঙেছে পুরনো রেকর্ড। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শিয়ালদা ডিভিশনে (Sealdah Division) ছিল উপচে পড়া ভিড়। শুধু শিয়ালদা স্টেশনেই ছিল না তিল ধারণের জায়গা।
দুর্গাপুজোয় রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন
শহরতলি ও এই ডিভিশনের অন্যান্য স্টেশনের ছবিও ছিল প্রায় একইরকম। কিছু পরিসংখ্যান থেকে স্পষ্ট, শিয়ালদা স্টেশন ও শিয়ালদা শাখায় ঠিক কতটা ভিড় হয়েছিল এ বছরের দূর্গা পুজোর সময়। সদ্য প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেলওয়ের শিয়ালদা শাখায় ২.৬ কোটিরও বেশি যাত্রী সমাগম হয়েছিল দুর্গাপুজোর সময়। যা গতবছরের যাত্রী সংখ্যার তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। পুজোর সময় রেল স্টেশনে অতিরিক্ত যাত্রী সমাগম নতুন নয়। ভিড় সামাল দেওয়ার জন্য আগে থেকে রেলও প্রস্তুতি নিয়ে রেখেছিল।
নিরবিচ্ছিন্ন পরিষেবা ও যাত্রী সুবিধার কথা মাথায় রেখে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ২৬৬ টি বিশেষ ট্রেন চালানো হয়েছিল বলে জানা গিয়েছে। গতবারের তুলনায় এবার, শিয়ালদা স্টেশনে যাত্রী সংখ্যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল। পুজোর সময় শুধুমাত্র এই একটি স্টেশন ব্যবহার করেছেন প্রায় ৩২ লক্ষ যাত্রী। এমনিতেই রাজ্যের দক্ষিণ শাখা ও কলকাতার বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসার মাধ্যমে শিয়ালদা স্টেশন, তার ওপর দুর্গাপুজো। ভিড় যে মারাত্মক হয়েছিল সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় অর্ণবের নাম দিল কোন দেশ? মানেই বা কী? বাংলায় কতটা প্রভাব পড়বে জেনে নিন
১২০ টন আবর্জনা সরিয়েছে রেল
রেল পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি, স্টেশনের পরিচ্ছন্নতার দিকেও নজর রেখেছিলেন রেল কর্তারা।শিয়ালদা শাখার প্রতি স্টেশনে চালানো হয়েছে সাফাই অভিযান, সরানো হয়েছে আবর্জনা জঞ্জাল। এই ডিভিশন থেকে ১২০ টন আবর্জনা সরানো হয়েছে বলে জানা গিয়েছে। যার মধ্যে শিয়ালদা স্টেশন থেকে সরানো হয়েছে আনুমানিক ১৬ টন আবর্জনা।