অনন্যা সরকার, কলকাতা: ভোডাফোন আইডিয়া বা ভি (Vi) চালু করল ভারতের প্রথম প্রিপেইড ফ্যামিলি প্ল্যান (Vi Prepaid Family Plan)। এই প্ল্যানের মাধ্যমে দেশের প্রিপেইড গ্রাহকরা একটি ফ্যামিলি গ্রুপ তৈরি করতে এবং দেশের যেকোনো প্রান্তে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইল ডেটা শেয়ার করতে পারবেন। যারা আলাদা আলাদা শহর বা রাজ্যে বসবাস করেও একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি খুবই সুবিধাজনক হবে। আসুন তাহলে ভি-এর এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভি-এর ফ্যামিলি প্ল্যানে কী কী সুবিধা মিলবে?
এই নতুন প্ল্যানের অধীনে ভি-এর সক্রিয় প্রিপেইড ইউজাররা ভি অ্যাপের মাধ্যমে একটি ফ্যামিলি গ্রুপ গঠন করতে পারবেন। প্রতিটি গ্রুপে সর্বোচ্চ চারজন সদস্য থাকতে পারেন, এর মধ্যে একজন হবেন প্রাইমারি বা প্রাথমিক সদস্য এবং সর্বোচ্চ তিনজন সেকেন্ডারি বা গৌণ সদস্য।
এই ফ্যামিলি প্ল্যানটি নিলে প্রতিটি সদস্যের নিজস্ব প্রিপেইড সংযোগ এবং তার মেয়াদকাল অপরিবর্তিত থাকে। তবে প্রয়োজনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ডেটা শেয়ার করা যায়। কোনো সদস্যের ডেটা ফুরিয়ে এলে, অন্য সদস্য তাকে একবারে ৫০০ এমবি পর্যন্ত ডেটা পাঠাতে পারবেন। কোম্পানি আশা করছে যে, এর ফলে অনলাইন ক্লাস, ভিডিও কল, নেভিগেশন এবং অন্যান্য প্রয়োজনীয় ডিজিটাল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে নিরবচ্ছিন্ন সংযোগ বজায় থাকবে।
আরও পড়ুন: ইউরোপের বাজারে দাপট, বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক হল ভারত
এছাড়া, ফ্যামিলি গ্রুপের সদস্যরা ভি অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। উল্লেখযোগ্যভাবে, এই গ্রুপগুলো কোনো নির্দিষ্ট টেলিকম সার্কেলের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ, বিভিন্ন রাজ্য ও শহরে বসবাসকারী সদস্যরাও একই ফ্যামিলি গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিকম কোম্পানিটির চিফ মার্কেটিং অফিসার অবনীশ খোসলা জানিয়েছেন যে, কেবল বেশি ডেটা দেওয়া নয়, বরং গ্রাহকদের আরও বেশি ফ্লেক্সিবিলিটি প্রদানের মধ্যেই প্রিপেইড পরিষেবার ভবিষ্যৎ নিহিত রয়েছে।
অবনীশ খোসলার মতে, বর্তমান যুগে পরিবারগুলির জীবনযাপনের ধরণ, কর্মক্ষেত্র এবং একে অপরের সঙ্গে সংযুক্ত থাকার পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন প্ল্যানটি প্রিপেইড পরিষেবাকে আরও প্রাসঙ্গিক করে তুলবে। এই উদ্যোগ কোম্পানির “ভি পে সাব হ্যায় ভিআইপি” মার্কেটিং ক্যাম্পেইনের একটি অংশ, যার লক্ষ্য হলো প্রিপেইড গ্রাহকদের প্রিমিয়াম সুবিধা প্রদান করা। তাই টেলিকম অপারেটর মূলত সেই সব পরিবার-কেন্দ্রিক সুবিধাগুলো তাদের প্রিপেইড গ্রাহকদের অফার করছে, যা সাধারণত পোস্টপেইড পরিষেবার ক্ষেত্রে দেখা যায়।