সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সকল প্রতীক্ষার অবসান। ডিএ ও ডিআর বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বুধবার কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং মহার্ঘ ত্রাণ ৩% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। দীপাবলির আগে সরকারের এহেন পদক্ষেপের জেরে উপকৃত হবেন ১ কোটিরও বেশি সরকারি কর্মী।
৩% ডিএ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার
জানা গিয়েছে, আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। এই সিদ্ধান্তের ফলে কর্মচারীদের বেতন ও পেনশনে এখন উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রভাব থেকে রক্ষা করতে এবং তাদের জীবনযাত্রার মান বজায় রাখার জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ।
আরও পড়ুন: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ফের দাম কমল সোনা, রুপোর!
উপকৃত হবেন ১ কোটিরও বেশি কর্মী
সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় ৪৯ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৮ লক্ষেরও বেশি পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এই সম্পূর্ণ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠিত একটি সূত্রের উপর ভিত্তি করে করা হয়েছে। এটি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।
১০,০১৬ কোটি টাকা বরাদ্দ সরকারের
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ও ত্রাণের জন্য মোট ১০,০১৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুদ্রাস্ফীতির চাপের মধ্যে এই বৃদ্ধি কর্মচারী ও পেনশনভোগীদের পারিবারিক বাজেটকে শক্তিশালী করবে।বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণে এই তিন শতাংশ বৃদ্ধির জন্য সরকার মোট ১০,০১৬ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই তহবিল ইস্যু করার ফলে বাজারে ভোগ ও তারল্য বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।