সহেলি মিত্র, কলকাতা: অর্ণবের পর এবার ধ্বংসযজ্ঞ চালাতে প্রস্তুত ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) অনুসারে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু-র দ্রুত শক্তি সঞ্চয় হচ্ছে। আবহাওয়া বিভাগের মতে, ২ নভেম্বর সকালের মধ্যে ঝড়টি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর ২ নভেম্বর মধ্যরাত থেকে ৩রা নভেম্বর সকালের মধ্যে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশে স্থলভাগে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থলভাগে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে ক্রমশ বদলাচ্ছে বাংলার আবহাওয়াও। প্রশ্ন উঠছে, ঘূর্ণিঝড়ের প্রভাব কী বাংলাতেও পড়বে? কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়
আপাতত আবহাওয়া দফতর সূত্রে খবর অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভালরকম প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগামী কয়েকদিন ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা আঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর পাশাপাশি আজ রবিবার বাংলার কিছু জেলায় খুব সামান্য হলেও বৃষ্টির ভ্রূকুটি রয়েছে।
আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামীকাল কলকাতা, হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়ার তাপমাত্রা সম্পর্কে বললে, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’! কবে ও কোথায় আছড়ে পড়বে?
এবার জেনে নেওয়া যাক আগামীকাল সারাদিন কেমন থাকবে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গী হবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।