সৌভিক মুখার্জী, কলকাতা: আজই ভাগ্য নির্ধারণ অন্নপূর্ণা যোজনার যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের। নবান্নের তরফ থেকে বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, আজ অর্থাৎ ৫ নভেম্বর অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তবে তার পাশাপাশি গতকাল রাতে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যোগ্য এবং অযোগ্যদের পরিসংখ্যান নিয়েও বড় বার্তা দিয়েছেন তিনি। তাছাড়া বার্ধক্য ভাতা এবং অন্যান্য প্রকল্প নিয়েও বার্তা দিয়েছেন শুভেন্দু।
নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা সবচেয়ে জনদরদী প্রকল্প এই অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যেই পঞ্চম কিস্তির ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তবে এখনও এমন অনেক মহিলা রয়েছেন, যারা যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছেন না টাকা। তবে পশ্চিমবঙ্গ সরকারের আশ্বাস, প্রশাসনের তরফ থেকে সমস্ত মহিলাদের তথ্য যাচাই করা হচ্ছে এবং যোগ্য একজন উপভোক্তাকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না। এমনকি বকেয়া টাকাও দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গতকাল রাতে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সরকারি কর্মচারীদের ছুটি কাটছাঁট করার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা ও অন্যান্য প্রকল্প নিয়ে দিলেন বিশেষ বার্তা। মুখ্যমন্ত্রী বলেন, “১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনা, সবার টাকা, ভাতা আমরা…. টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি। দীপাবলীর আগে ৭ তারিখের আগেই ৮৪ লক্ষ বার্ধক্য ভাতা, দিব্যঙ্গ ভাতা বাবদ, ৩ লক্ষ ২০ হাজার, লোকপ্রসার শিল্পী ভাতা, ১ কোটি ৬৫ লক্ষ অন্নপূর্ণা যোজনা, সবার টাকা, ভাতা আমরা…. টাকা ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছি।”
আরও পড়ুন: কমতে পারে সরকারি কর্মীদের ছুটি, তালিকায় কাটছাঁট করতে অর্থসচিবকে চিঠি মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এবার বার্ধক্য ভাতা বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আগের সরকার যেখানে ১০০০ টাকা করে মাসিক অর্থ সহায়তা দিত, সেখানে এখন বার্ধক্য, বিধবা ভাতা বাবদ দেওয়া হচ্ছে ১৫০০ টাকা করে। এমনকি আগামী অর্থবর্ষের নতুন বাজেটে সেই ভাতা আরও বাড়ানো হবে বলেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের অনুমান, ১৫০০ থেকে সরাসরি তা ২০০০ করা হবে। এদিকে নভেম্বর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী, দীপাবলীর আগে ঢুকতে পারে অন্নপূর্ণার ৩০০০।”