প্রীতি পোদ্দার, কলকাতা: এবার মেলার তারিখকে কেন্দ্র করে হুগলির খানাকুলে (Khanakul) বাঁধল ঝামেলা। জানা গিয়েছে, হুগলির খানাকুলে ঐতিহ্যবাহী রাজা রামমোহন রায়ের মেলার (Rammohan Mela 2027) তারিখ নির্ধারণকে কেন্দ্র করে দুই বিজেপি বিধায়কের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা (BJP MLA Clash) শুরু হল। মেলা পরিচালনার দায়িত্ব এবং সময়সূচি নির্ধারণকে কেন্দ্র করে একদিকে যেমন খানাকুলের বিধায়ক মন্তব্য প্রকাশ করছেন অন্যদিকে পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বলছেন অন্য কথা। ফলে আদৌ কবে বসবে এই ঐতিহ্যবাহী মেলা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা
রামমোহন মেলা নিয়ে তরজা
রাজা রামমোহন রায়ের নাম অনুসারী অনুষ্ঠিত ঐতিহ্যবাহী রামমোহন মেলা নিয়ে খানাকুলের বাসিন্দাদের মধ্যে একটি আলাদা আবেগ থাকে। হুগলি জেলার মধ্যে অন্যতম ঐতিহাসিক ও পবিত্র স্থান হল রাজা রামমোহন রায়ের জন্মস্থান খানাকুলের রাধানগর। তাই তাঁর নাম অনুসারে রামমোহন মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এই ঐতিহ্যবাহী রামমোহন মেলার তারিখকে নিয়ে এবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গেল। জানা গিয়েছে, খানাকুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ এবং পুরশুড়া বিধায়কের বিমান ঘোষের মধ্যে মেলা পরিচালনার দায়িত্ব এবং এর সঠিক সময়সূচি নিয়ে বিরোধ তৈরি হয়েছে।
কী বলছেন খানাকুলের বিধায়ক?
সূত্রের খবর, বিগত দুই বছর ধরে তৃণমূল কংগ্রেসের আমলে রাজনৈতিক ও প্রশাসনিক নানা কারণে হুগলির খানাকুলের এই ঐতিহ্যবাহী মেলাটি বন্ধ ছিল। কিন্তু বিজেপি সরকার আসতেই সেই মেলাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলো। বর্তমান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন যে, “তৃণমূল কংগ্রেসের আমলে এই মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এবার এলাকার বুদ্ধিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতামত নিয়ে মেলাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং ঐতিহ্য মেনেই আগামী ৬ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।” কিন্তু অভিযোগ জানাচ্ছেন পুরশুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ।
আরও পড়ুন: অভিষেকের জন্মদিনে কালীঘাটে রণক্ষেত্র, রাতভর সংঘর্ষে আহত ৭
কী বলছেন পুরশুড়ার বিধায়ক?
সাংবাদিকদের সাক্ষাৎকারে বিধায়ক বিমান ঘোষ জানিয়েছেন, “ নতুন করে যে শুরু করবো সেটা তো একটা গর্বের বিষয়। বেশি দেরি নেই, জানুয়ারি মাসের মেলা হবে। আমরা আলোচনার ভিত্তিতে সরকারি স্তরে যেমন সিস্টেমে হয়ে আসছে তেমন চলবে। কোনো মেলা মানে ছেলে খেলা নয়, যখন যাক কিছু ঘোষণা করে দেব। আমার যেখানে কোন দায়িত্বই নেই সেখানে আমি মেলা ঘোষণা করে দিলাম, তাহলে সেটা মেলা হতে পারেনা। যেখানে যার দায়িত্ব তাকে সেখানেই কাজ করতে হবে।” এখন দেখার এই মেলা আদতে কবে ঘোষণা করা হয়।
বিমান ঘোষের এই প্রতিক্রিয়ায় পাল্টা সুর চরিয়েছেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে কটাক্ষ করে পোস্ট করেছেন যে, “আপনাকে বলছি খানাকুলের জনগণের সেন্টিমেন্ট বা আবেগ নিয়ে খেলবেন না, খানাকুলের মানুষ অতো দূর্বল নয়!!” যদিও এই নিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি বিমান ঘোষ।