সৌভিক মুখার্জী, কলকাতা: আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দুর্বলতা আর দেশের বাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপুল পুঁজি প্রবেশের ওপর ভর করে দিনের পর দিন শক্তি বাড়াচ্ছে ভারতীয় রুপি (Indian Rupee)। শনিবার বাজার বন্ধ থাকলেও শুক্রবার ভারতীয় মুদ্রা বিরাট উত্থানের সাক্ষী থেকেছিল। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার একধাক্কায় ৪৩ পয়সা শক্তিশালী হয়ে মার্কিন ডলারের বিপরীতে রুপি ৯৩.৯৮-তে গিয়ে দাঁড়ায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে রেকর্ড উত্থান।
ডলারের বিপরীতে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভারতীয় রুপি
শুক্রবার ইন্টারব্যাংক ফরেক্স মার্কেটে লেনদেনের শুরুতে রুপি ৯৪.৫০-তে খুলেছিল। তবে সারাদিনের ওঠানামায় তা সর্বোচ্চ ৯৩.৮২ এবং সর্বনিম্ন ৯৪.৫০-র স্তর স্পর্শ করে। এমনকি দিনের শেষে বৃহস্পতিবার বন্ধ হওয়া দর ৯৪.৪১ টাকা থেকে ৪৩ পয়সা লাভ করে ৯৩.৯৮-তে গিয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস এবং আমদানি খরচ কমার কারণে বিনিয়োগকারীদের মনবল দিনের পর দিন চাঙ্গা হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে পরাজিত হওয়ার পর সে দেশের শেয়ার বাজারেও ব্যাপক দরপতন রুপিকে সুবিধা করে দিয়েছে।
অন্যদিকে গত ৫ মাস ধরেই ভারতীয় রিজার্ভ ব্যাংক রুপিকে ৯৪.৩০-র উপরে উঠতে দিচ্ছিল না। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক সেই অবস্থান থেকে কিছুটা সরে আসে, আর বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের প্রায় ১.৫ বিলিয়ন ডলার বাজার বিক্রি করার সুযোগ করে দেয়। অন্যদিকে শুক্রবার ভারতের শেয়ার বাজারও বিশাল রেকর্ডের সাক্ষী থাকে। বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৭১৮.০১ পয়েন্ট লাফিয়ে প্রায় ৮১,০২৮.০২ স্তরে পৌঁছয়। অন্যদিকে নিফটি ৪৯৩.৭৫ পয়েন্ট বেড়ে ২৫,০৩০.৩৫-এ বন্ধ হয়।
আরও পড়ুন: “কালী মায়ের সামনে মাফিয়াদের নাম নিচ্ছেন কেন?” অভিষেক কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বলার অপেক্ষা রাখে না, ভারতের বাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একদিনেই প্রায় ১৩,৭৪৯.৮২ কোটি টাকা শেয়ার কিনেছেন, যা রুপির অবস্থানকে আরও পাকাপোক্ত করেছে। আর কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত খাতে খরচ কমার আশঙ্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারেও নেমেছে ধস। মার্কিন স্টক মার্কেট থেকে শুরু করে জাপানের নিক্কেই বা কোরিয়ার কসপি সূচকও বড় পতনের সম্মুখীন হয়েছে। যার ইতিবাচক প্রভাব এসে পড়েছে ভারতীয় মুদ্রায়। এমনকি বিশ্লেষকরা বলছেন, আগামী দিনেও রুপির এই ইতিবাচক ধারা বজায় থাকতে পারে।