সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে স্বচ্ছতার সঙ্গেই হবে নিয়োগ। এ কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরকার গঠনের পরই বলেছেন। এদিন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, সশস্ত্র সাব-ইন্সপেক্টর নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এমনকি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ২৭,৫৫৬টি পদের মধ্যে ৬,৩৪৫টি পদে মহিলারা সুযোগ পাবেন বলেই লালবাজার থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
লালবাজার থেকে এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, “আগামী দিনে পুলিশের গায়ে হাত দিলে, রক্ত পড়লে যেই হোক, তাকে জেলে থাকতে হবে। কাস্টডি ট্রায়াল করাব।” পাশাপাশি আগামী ৬ মাসে পুলিশে আরও হাজার হাজার শূন্যপদে নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। এবারের ধাপে নির্বাচিত হয়েছেন মোট ১১ হাজার ৯০২ জন। তাছাড়া খুব শীঘ্রই আরও ১০ হাজার ৫৫৪টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার।
এ বিষয়ে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের হাত-পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল আগের সরকারের তরফ থেকে। আমাদের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, তার নির্ধারিত শূন্যপদ ২৭ হাজার ৫৫৬-র মধ্যে… আমাদের বোনেরা পাবেন ৬ হাজার ৩৪৫ জন। সিলেক্টেড হয়েছেন ১১ হাজার ৯০২ জন। আগামী দিনে বিজ্ঞপ্তি হতে চলেছে ১০ হাজার ৫৪৪ জনের। আগামী ছয় মাসের মধ্যেই পুলিশে ব্যাপক নিয়োগ করব। ফায়ার, ফরেস্ট—সব ক্ষেত্রেই হবে নিয়োগ।” পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার স্মৃতিচারণ আবারও করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিরাট বদল, তৈরি হল ১১ সদস্যের কমিটি
এদিকে ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য পুলিশে এসআই এবং এএসআই পদমর্যাদায় ১১০০-র বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার আগে কলকাতা পুলিশ কনস্টেবলে আরও ৪০০০-র বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে ১১২ পরিষেবার জন্য আরও তিনটি গাড়ি এবং তিনটি বাইক দেওয়া হবে। ১১২ পরিষেবার জন্য প্রতি থানায় ২০ জনের একটি বাহিনী থাকবে বলেও জানানো হয়েছে। এর সঙ্গে প্রতিটি রাজ্য পুলিশের থানায় জিম, ওয়াটার পিউরিফায়ার এবং জেনারেটর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।