অনন্যা সরকার, বিহার: কথায় বলা সাফল্য কেবল তারাই অর্জন করতে পারেন, যারা ব্যর্থতাকে ভয় না পেয়ে তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেন। ভাগলপুরের নৌগাছিয়ার বাসিন্দা ৩১ বছরের সৌরভ কুমার নিজের জীবন দিয়ে এই কথাটি সত্য প্রমাণ করেছেন (Success Story of Fish Farmer Sourabh Kumar)। বি.টেক (B.Tech) ডিগ্রি অর্জনের পর তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, যেখানে তাঁর মাসিক বেতন ছিল ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকা। তবে প্রায় চার বছর পর, তিনি সেই চাকরি ছেড়ে মৎস্য চাষকে পেশা হিসেবে বেছে নেন। এখন বছরে ৩০ লক্ষ টাকা আয় করেন সৌরভ তাঁর এই মৎস্য ব্যবসা থেকে।
পারিপার্শ্বিক বাধাকে জয় করে আজ সফল ব্যবসায়ী সৌরভ
সৌরভ যখন জানান তিনি মৎস্যচাষ করতে চান, তখন তাঁর পরিবার ও আশেপাশের মানুষ কেউই এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, কেন তিনি একটি ভালো চাকরি ছেড়ে বাড়ি ফিরে আসছেন। কিন্তু সৌরভ মৎস্য চাষের মধ্যেই নিজের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। তিনি মৎস্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন ও এই ব্যবসার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো শিখতে শুরু করেন। মাছ চাষের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তিনি বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কেও তথ্য সংগ্রহ করেন।
সৌরভ প্রায় দুই একর আয়তনের একটি পুকুরে মাছ চাষ শুরু করেন। মাছের যত্ন নেওয়া, পুকুর রক্ষণাবেক্ষণ এবং রোগ প্রতিরোধের মতো জটিল বিষয়গুলো আয়ত্ত করতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লেগেছিল তাঁর। শুরুর দিকে নানা প্রতিকূলতার সম্মুখীন হলেও, তিনি কঠোর পরিশ্রম চালিয়ে যান। ধীরে ধীরে তাঁর অভিজ্ঞতা বাড়তে থাকে এবং সেই সঙ্গে বাড়তে থাকে মাছের উৎপাদনও।
আরও পড়ুন: দিনমজুর থেকে বড় ব্র্যান্ডের নির্মাতা! বাঁকুড়ার ছবিতার কৃষি বিপ্লবে স্বনির্ভর ৩,৫০০ মহিলা
মৎস্য চাষের পাশাপাশি তিনি হ্যাচারি ব্যবসাতেও পা রাখেন। আগে তিনি মাছের পোনা নিয়ে যেতেন বাংলা থেকে, কিন্তু এখন সৌরভ বিহারেই উন্নত মানের পোনা উৎপাদন করছেন। তাঁর উৎপাদিত পোনার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর ব্যবসাও প্রসারিত হয়। বর্তমানে তাঁর মৎস্য চাষের ক্ষেত্র প্রায় পাঁচ একর এলাকা জুড়ে বিস্তৃত।
তাঁর মৎস্য চাষ ও হ্যাচারি ব্যবসা থেকে বর্তমানে বছরে প্রায় ৩০ লক্ষ টাকা আয় হয়। চাকরি ছেড়ে এই উদ্যোগ গড়ে তোলার যাত্রাটি প্রমাণ করে যে, সঠিক প্রশিক্ষণ, আত্মবিশ্বাস, কারিগরি জ্ঞান এবং ধৈর্য থাকলে মৎস্য চাষও সেল্ফ-এমপ্লয়মেন্টের একটি অত্যন্ত সম্ভাবনাময় পথ হতে পারে।