বিক্রম ব্যানার্জী, কলকাতা: একসঙ্গে একাধিক প্রকল্পে অনুমোদন দিল নরেন্দ্র মোদির মন্ত্রিসভা (Central Government)। বুধবার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে মোট 77,101 কোটি টাকা মূল্যের পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাবের ছাড়পত্র দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে। যার মধ্যে রয়েছে নয়ডা-গ্রেটার নয়ডা মেট্রো সম্প্রসারণ, যুগে যুগীন ভারত মিউজিয়াম, রবি মরসুমের সার ভর্তুকি এবং ছোট ব্যবসার জন্য ক্রেডিট গ্যারান্টি ফান্ডের মতো প্রকল্পগুলি। বৈঠকের পর খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মেট্রো থেকে শুরু করে ক্রেডিট গ্যারান্টি ফান্ডের অনুমোদন
কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ছাড়পত্র পাওয়া প্রকল্পগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নোয়েডা মেট্রো প্রকল্পের অ্যাকোয়া লাইন সম্প্রসারণ। 2,390 কোটি ব্যয় করে নোয়েডা সেক্টর 51 থেকে গ্রেটার নোয়েডা সেক্টর 4 পর্যন্ত প্রায় 8.449 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর তৈরি হবে। এছাড়াও এই একই পথে থাকবে পাঁচটি নতুন স্টেশন। শুধু তাই নয়, এই প্রকল্পে নোয়েডা সেক্টর-61 এ দিল্লি মেট্রোর ব্লু লাইনের সঙ্গে ইন্টারচেঞ্জের পরিকাঠামো তৈরি হবে।
বিশেষজ্ঞ মহলের দাবি, মেট্রোর এই সম্প্রসারণ বাস্তবায়িত হলে, নোয়েডা, গ্রেটার নোয়েডা এবং গ্রেটার নোয়েডা ওয়েস্টের মধ্যে যাতায়াত অনেকটাই সহজ হবে। বিশেষ করে নিত্যযাত্রী থেকে শুরু করে আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের সাথে যোগাযোগ অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় সরকারের আশা, সড়ক পথের উপর চাপ ও যানজট কমিয়ে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেট্রো।
আরও পড়ুন: গাজায় হামলার শাস্তি, ইজরায়েলের নাগরিকদের জন্য চিরতরে দরজা বন্ধ করার পথে মালদ্বীপ
এছাড়াও আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা রবি মরসুমে 2026-27-এর জন্য পুষ্টি-ভিত্তিক সার ভর্তুকিতে 62,370 কোটি টাকা বরাদ্দ করেছে। এখানেই শেষ নয়, ক্ষুদ্র ব্যবসা ও নতুন উদ্যোগে ঋণপ্রবাহ বাড়াতে মোট 9,111 কোটি টাকার দুটি ক্রেডিট গ্যারান্টি ফান্ড অনুমোদন করা হয়েছে নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভার তরফে। যেখানে মাইক্রো ইউনিট গুলির জন্য 5,000 কোটি টাকা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া প্রকল্পের জন্য 4,111 কোটি টাকা বরাদ্দ ঘোষণা হয়েছে। এছাড়াও দিল্লির নর্থ এবং সাউথ ব্লক চত্বরে যুগে যুগীন ভারত মিউজিয়াম তৈরির জন্য 3,230 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।