বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের জন্য পশ্চিমবঙ্গকে (West Bengal) বেছে নিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। আর সেই ঘটনায় তীব্র উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার, আনুষ্ঠানিকভাবে দিল্লিতে ওই বিশেষ সম্মেলনের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন হল। আর সেই উদ্বোধনটা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রাজ্যকে বিশেষ গুরুত্ব বিদেশমন্ত্রকের
মূলত ভারত সরকার প্রবাসী ভারতীয়দের সাথে সংযোগ স্থাপনের জন্যই 2015 সাল থেকে বিশেষ সম্মেলন আয়োজন করে আসছে। প্রত্যেক বছরই কোনও না কোনও রাজ্য সরকারের সাথে হাত মিলিয়ে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে থাকে বিদেশমন্ত্রক। এর আগে এই সম্মেলন আয়োজন করেছিল ওড়িশা। এছাড়াও বেঙ্গালুরু, গান্ধীনগরেও আয়োজিত হয়েছে প্রবাসী ভারতীয় সম্মেলন। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল বাংলাও।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বুধবার জানালেন, আগামী বছর অর্থাৎ 2027 এর জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের জন্য বাংলাকে বেছে নিয়েছে বিদেশমন্ত্রক। মুখ্যমন্ত্রীর কথায়, “পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা আজ গর্বিত।” আসলে কলকাতা ভারতের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ। তাছাড়াও প্রবাসী ভারতীয়দের চালচিত্র গঠনের ক্ষেত্রে বাংলা তথা কলকাতার অবদান রয়েছে, সে কথাই নতুন করে এদিন স্মরণ করিয়ে দিলেন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন: গাজায় হামলার শাস্তি, ইজরায়েলের নাগরিকদের জন্য চিরতরে দরজা বন্ধ করার পথে মালদ্বীপ
এস জয়শঙ্কর জানালেন, “কলকাতা শুধুমাত্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে না, সেই সাথে প্রবাসী ভারতীয়দের চরিত্র গঠনের ক্ষেত্রেও বাংলা তথা কলকাতার অবদান রয়েছে।” জানা গিয়েছে, 2027 প্রবাসী ভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে 7 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আর এই অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসী ভারতীয়দের সম্মান প্রদান করা হবে। এছাড়া যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে তাতে প্রবাসী ভারতীয়দের জন্য থাকা, ঘোরা, ধর্মীয় স্থান, শপিংয়ের লোকেশন সহ একাধিক তথ্য দেওয়া থাকবে।