সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ বিরোধী বিভিন্ন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার দীপক ব্যাপারীকে (Dipak Bepari)। তবে কলকাতার তিনটি ফৌজদারি মামলায় তাঁর গ্রেফতার, গ্রেফতারের কারণ আর পরবর্তী আটকাদেশকে চ্যালেঞ্জ করে তাঁর স্ত্রী সুজাতা ব্যাপারীর দায়ের করা রিট পিটিশন নিষ্পত্তি করল রাজ্যের উচ্চ আদালত। বিচারপতি রিশাদ মেদোরা পুলিশের রিপোর্ট নথিভুক্ত করার পরই বুধবার এই নির্দেশ দিয়েছেন।
দীপক ব্যাপারীর মামলা নিষ্পত্তি করল কলকাতা হাইকোর্ট
কলকাতার হেয়ার স্ট্রিট, ভবানীপুর এবং এন্টালি থানায় দায়ের হওয়া তিনটি পৃথক মামলায় নথিপত্র এবং গ্রেফতারের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন দীপকের স্ত্রী সুজাতা ব্যাপারী। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে হেয়ার স্ট্রিট থানার ওসি এবং এন্টালি থানার ওসির দেওয়া দুটি রিপোর্ট আদালতে পেশ করা হয়েছিল এবং তার প্রতিলিপি আবেদনকারীদের আইনজীবীকেও জানানো হয়।
হেয়ার স্ট্রিট খানার ওই রিপোর্টে জানানো হয়েছিল যে গত ২৮ সেপ্টেম্বর ব্যাপারীকে গ্রেফতার করা হয়। এরপর নিয়ম মেনে অ্যারেস্ট মেমো তৈরি, গ্রেফতারের কারণ এবং আইনি অধিকার জানানো ও তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছিল। আর তাঁর অনুরোধেই বিধাননগর দক্ষিণ থানার ওসির মাধ্যমে ইমেইল করে পরিবারকে গ্রেফতারের খবর জানানো হয়। তারপর কোয়েম্বাটুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে ২ অক্টোবর পর্যন্ত ট্রানজিট রিমান্ড নিয়ে তাঁকে আদালতে আনা হয়। পাশাপাশি কলকাতার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ৬ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান।
আরও পড়ুন: ৪৯ বছর পর নতুন করে তৈরি হবে শ্যামপুরের রাস্তা, বিধায়ক হিরণের উদ্যোগে খুশি স্থানীয়রা
অন্যদিকে এন্টালি থানার রিপোর্টে বলা হয় যে উপযুক্ত আইনি প্রক্রিয়া মেনে গত ২৯ অক্টোবর শিয়ালদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানো এবং তাঁর পরিবারকে লিখিতভাবে জানানো হয়। এছাড়া রাজ্যের আইনজীবী জানিয়েছিলেন, ভবানীপুর থানার মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সবদিক বিবেচনা করেই এদিন বিচারপতি রিশাদ মেদোরা জানিয়েছেন যে এই রিট পিটিশনের আর কোনও নতুন নির্দেশের প্রয়োজন নেই।