আনিষা চৌধুরী, কলকাতা: এতদিন পরিচয়পত্র হিসেবে PAN Card, Voter ID, রেশন কার্ডের মতো নথি ব্যবহার করে এসেছেন সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কাজে পরিচয় যাচাইয়ের জন্যও এই নথিগুলির প্রয়োজন হয়। তবে এবার থেকে শুধুমাত্র PAN Card এবং Voter ID দেখিয়ে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করা যাবে না বলে জানাল হাইকোর্ট (Gauhati High Court)। নাগরিকত্বের প্রমাণ হিসেবে শুধুমাত্র এই নথিগুলি যথেষ্ট নয় বলে স্পষ্ট করেছে আদালত।
কেন এমন সিদ্ধান্ত আদালতের?
ঘটনাটি অসমের। ৫ নভেম্বর এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে গুয়াহাটি হাইকোর্টের (Gauhati High Court) বিচারপতি কল্যাণ রাই সুরানা ও বিচারপতি সুশ্মিতা ফুকন খাউন্ডের ডিভিশন বেঞ্চ। এক মহিলার দায়ের করা মামলার শুনানিতে আদালত এই মন্তব্য করে। ওই মহিলা দাবি করেছিলেন, ১৯৭৭ সালে অসমে তাঁর জন্ম এবং তাঁর বাবা ও দাদু-ঠাকুমা ভারতীয় নাগরিক ছিলেন। কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁকে ২৫ মার্চ ১৯৭১ সালের পর ভারতে প্রবেশ করা বিদেশি বলে ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
নিজের নাগরিকত্বের দাবির পক্ষে ওই মহিলা ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা, বাবার PAN Card ও Voter ID, নিজের ভোটার কার্ড, রেশন কার্ড এবং NRC-তে আবেদন করার রসিদ জমা দিয়েছিলেন। তাঁর দাবি ছিল, বাবার নাম ভোটার তালিকায় ছিল। এমনকি তিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং গুয়াহাটি পুরনিগমের নির্বাচিত কাউন্সিলর হিসেবেও কাজ করেছিলেন। তবে আদালতের পর্যবেক্ষণ, বাবার পরিচয় সংক্রান্ত নথি থাকলেই যে তিনি ওই মহিলার বাবা, তা প্রমাণ হয় না।
আদালত জানায়, PAN Card এবং Voter ID সাধারণত আবেদনকারীর নিজের দেওয়া তথ্যের ভিত্তিতে ইস্যু করা হয়। এই নথি তৈরির সময় নাগরিকত্ব যাচাইয়ের জন্য সব ক্ষেত্রে অফিসিয়ালভাবে তদন্ত করা হয় না। তাই এই কার্ডগুলির পিছনে থাকা মূল নথি ও তথ্যের সত্যতা প্রমাণ করা জরুরি। পাশাপাশি ওই মহিলা তাঁর বাবা ও দাদু-ঠাকুমার সঙ্গে পারিবারিক সম্পর্ক এবং ১৯৭০ থেকে ১৯৯৭ সালের মধ্যে তাঁদের অসমে ধারাবাহিক বসবাসের বিষয়টিও যথাযথ প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করতে পারেননি।
আরও পড়ুন: আদিবাসীর আঁধার কাটিয়ে উন্নয়নের আলো, মডেল গ্রাম হতে চলেছে খড়গপুরের কুলি
সব দিক বিবেচনা করে মহিলার আবেদন খারিজ করে দেয় গুয়াহাটি হাইকোর্ট। আদালত ফরেনার্স ট্রাইব্যুনালের আগের সিদ্ধান্তই বহাল রাখে। পাশাপাশি ২০২২ সালে ওই মহিলাকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশও প্রত্যাহার করে আদালত।