আনিষা চৌধুরী, কলকাতা: দীর্ঘদিন ধরে আটকে রয়েছে হাওড়া পুরনিগমের নির্বাচন। এর ফলে নাগরিক পরিষেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পুরভোট না হওয়ায় সাধারণ মানুষকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে হাওড়ার (Howrah) পুরভোট এবং নাগরিক পরিষেবা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় হাওড়ার বাসিন্দারা প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
১২ বছর ধরে নির্বাচন না হওয়া নিয়ে ক্ষোভ
হাওড়া পুরনিগমের নির্বাচন আটকে থাকার বিষয়টি নিয়ে বিরোধী দলকে নিশানা করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বিরোধীদের বাধার কারণেই পুরভোটের প্রক্রিয়া এগোচ্ছে না। এই প্রসঙ্গে তিনি বলেন, “ওরা কর্পোরেশনের ভোট আটকে দিচ্ছে। ১২ বছর ধরে হাওড়ার জনগণ ঠিকমতো পরিষেবা পাননি। সবই কি আধিকারিকরা করবেন? ওঁদের কাজেরও তো একটা সীমা আছে। ছ’মাস করতে পারেন, আট মাস করতে পারেন, বড়জোর এক বছর করতে পারেন। ১২ বছর হাওড়া কর্পোরেশনে কোনও নির্বাচন হয়নি।”
কো-অর্ডিনেটর নিয়োগের বিকল্প ব্যবস্থা
পুরভোট নির্দিষ্ট সময়ের মধ্যে না হলে নাগরিক পরিষেবা সচল রাখতে বিকল্প প্রশাসনিক ব্যবস্থার কথা বলেছেন শুভেন্দু। তাঁর বক্তব্য অনুযায়ী, “নির্বাচন না হলে হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করে দেব।” শুভেন্দু জানিয়েছেন, ঠিক সময়ে যদি নির্বাচন না হয় তাহলে তিনি আর অপেক্ষা করবেন না। মানুষের কথা ভেবে ১ ডিসেম্বর থেকেই ওয়ার্ডগুলিতে তিনি কো-অর্ডিনেটর নিয়োগ করার ব্যবস্থা করবেন। দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই বিকল্প ব্যবস্থা হাওড়ার জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, হাওড়া পুরনিগমে শেষ নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। তারপর দীর্ঘ সময় ধরে নির্বাচন ছাড়াই প্রশাসনিক ব্যবস্থায় কাজ চলছে। ফলে পুর পরিষেবা পরিচালনা এবং সাধারণ মানুষের সমস্যার সমাধান নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে হাওড়ার ক্ষেত্রেও কো-অর্ডিনেটর নিয়োগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব যিনি সরকারের পাশে থাকবেন, সরকারের বিরোধিতা করবেন না।” অর্থাৎ বিরোধী দল নয় বরং নিজের দলের বিশ্বস্ত নেতাদেরই বেছে নেওয়ার কথা স্পষ্ট জানান তিনি।
আরও পড়ুন: নিজে ভোট দিলেও SIR-এ বাদ মা, আটকে গেল হবু চিকিৎসকের পাসপোর্ট, মামলা হাইকোর্টে
পুরভোট কবে হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। একদিকে নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবি, অন্যদিকে প্রশাসনিক ও আইনি জটিলতা, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এর মধ্যেই পুর পরিষেবা সচল রাখার জন্য বিকল্প ব্যবস্থার কথা সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। আগামী দিনে হাওড়ার পুরভোট নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।