বিক্রম ব্যানার্জী, কলকাতা: হুঙ্কার দিয়েও ভারতকে (India) হারাতে পারল না ভুটান! সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) প্রথম সেমিফাইনালে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী দেশ। ফাইনালে পৌঁছনোর পথে ভুটান বাহিনীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ভারত। সেই কাঁটা উপরে ফেলতে সব রকম চেষ্টা করেছিলেন প্রতিবেশী দেশের ফুটবলারেরা। আত্মবিশ্বাসী সুর তুলেছিলেন ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস। সেই মতোই, ভারতের বিপক্ষে জয়ে ফেরার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত আটকে গেল দলটি। তাতে লড়াই করে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল টিম ইন্ডিয়া।
ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত
শনিবার, ঢাকার মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে মাঠে নেমে শুরু থেকেই চাপ বাড়িয়ে গিয়েছিল ভারত। ম্যাচের প্রথম 8 মিনিটে গোল করে দেন পিভি বিষ্ণু। শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক। ফলে এগিয়ে গিয়েছিল ভারত। ভারতের কাছে প্রথম গোল খেয়ে একেবারে হন্যে হয়ে তা শোধ দেওয়ার চেষ্টা করছিল প্রতিপক্ষ দলটি। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও কাজের কাজ করে উঠতে পারেনি তারা। উল্টে 27 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দেয় ভারত। এবার গোল এসেছিল চিংলেনসানা সিংয়ের পা থেকে।
ভারতের কাছে পরপর দুটি গোল খেয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছিল ভুটান। সেই ব্যর্থতা নিয়েই বিরতিতে যেতে হয়েছিল তাদের। তবে বিরতির ওপারে পূর্ণশক্তি নিয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়ে তারা। ভারতীয় দলও সব রকমভাবে প্রতিপক্ষকে আটকানোর চেষ্টা করছিল। কিন্তু খেলা ঘুরে গেল 48 মিনিটের মাথায়। ভুটান ফ্রি কিক পেয়ে গেলে সেখান থেকেই হেড করে গোল করে দেন টবডেন। তাতে ব্যবধান কমলেও শেষ পর্যন্ত ভারতকে ছাপিয়ে যেতে পারেনি দলটি।
এদিন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় গোল করার খিদে নিয়ে মাঠে ছুটোছুটি করলেও স্বদেশীরা ভুটানের ছেলেদের সেই সুযোগ দেননি। বরং খানিকটা রক্ষণাত্মক হয়েই খেলে গিয়েছিলেন তাঁরা। তাতেই শেষ মুহূর্তে 2-1 ব্যবধানে পরাজয় নিয়ে ফিরতে হলো প্রতিবেশী দেশের দলটিকে। অবশ্য অতিরিক্ত সময়ের খেলাতেও বেশ কিছু সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু সেই সুযোগকে গোলে রূপান্তরিত করতে পারেনি তারা।