সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের আওতায় রকেটের গতিতে ছুটছে বাংলার শিল্পখাত। এর আগে একাধিক শিল্পগোষ্ঠী বাংলায় কোটি কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করেছে। তবে সম্প্রতি রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা হওয়ার পরই জুপিটার ওয়াগন (Jupiter Wagons) ৩০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দেয়। আর এবার পুরুলিয়ায় নতুন বিনিয়োগের ঘোষণা করল এই সংস্থা। জানা গিয়েছে, এই জেলায় এবার প্রতিরক্ষা খাতে হবে কোটি কোটি টাকা বিনিয়োগ। ফলে রাজ্যের কর্মসংস্থান যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।
পুরুলিয়ার প্রতিরক্ষা খাতে কোটি কোটি টাকা বিনিয়োগ
পশ্চিমবঙ্গের বিজেপি সরকার ইতিমধ্যেই নতুন শিল্পনীতির ঘোষণা করেছে। আর তার পরপরই বাংলায় এই বিনিয়োগের ঘোষণা সংস্থার। ইতিমধ্যেই জমি নীতির সরলীকরণ এবং সবুজ শক্তিকে অগ্রাধিকার দিয়ে তৈরি শিল্পনীতিকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শীর্ষস্থানীয় সব শিল্পপতিরা। এ বিষয়ে পশ্চিমবঙ্গের নয়া শিল্পনীতির প্রশংসা করে জুপিটার ওয়াগন লিমিটেডের সিইও জানিয়েছেন, “এই নীতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে সাধুবাদ জানাই।”
প্রথমেই এই সংস্থার কর্ণধার জানান, “কলকাতায় প্রতিষ্ঠিত জুপিটার বর্তমানে ভারতের হাই-স্পিড রেল এবং মেট্রো নেটওয়ার্কের জন্য যাত্রীবাহী রেল কোচ তৈরি করার ক্ষেত্রে কাজ করছে। এই অগ্রগতির কেন্দ্রবিন্দুতেই রয়েছে পশ্চিমবঙ্গ। আমরা এই রাজ্যে আরও ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। পুরুলিয়ায় আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র প্রমাণ করে যে বর্তমান রাজ্য সরকার শিল্পক্ষেত্রে কতটা আস্থা তৈরি করতে পেরেছে। আর এই শিল্পায়ন কীভাবে পশ্চিমবাংলার মানুষের জীবনযাত্রা বদলে দিয়েছে।”
আরও পড়ুন: শান্তিনিকেতনে পুলিশকে গুলি করে পালানোর অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত রতন শেখ
বিশেষজ্ঞরা আশাবাদী, পুরুলিয়ায় জুপিটারের এই বিনিয়োগ রাজ্যের কর্মসংস্থান এবং শিল্প সম্ভাবনা আরও কয়েকগুণ বাড়াবে। পাশাপাশি উন্নত বাংলার পথে এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, এই প্রতিরক্ষা সরঞ্জাম কেন্দ্র দেশের প্রতিরক্ষা খাতকে আরও মজবুত ও শক্তিশালী করবে বলেই আশাবাদী ওয়াকিবহাল মহল।