অনন্যা সরকার, কলকাতা: ভারত সরকার বর্তমানে জ্বালানি সংকটের আবহে চিরাচরিত জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিকল্প জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকেছে। বর্তমানে দেশে ইথানল (Ethanol) মিশ্রিত জ্বালানি হিসেবে ই২০ (E20)-এর ব্যবহার শুরু হয়েছে। যদিও নাগরিকদের একাংশ এই জ্বালানি গ্রহণ করেছেন, তবে এর বিরুদ্ধেও বিরোধিতা দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় বারংবার দাবি করা হচ্ছে যে, এই জ্বালানি যানবাহনের যন্ত্রাংশের ক্ষতি করে। এমনই দাবির সাথে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির ফুয়েল ফিলার ক্যাপে (Fuel Filler Cap) পিঁপড়ের ছড়াছড়ি। ভিডিওটি দেখিয়ে অভিযোগ করা হচ্ছে যে, ট্যাঙ্কে ই২০ জ্বালানি থাকার কারণেই এমনটা হয়েছে। তবে ভারত পেট্রোলিয়ামের (Bharat Petroleum) তরফে এখন বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, এই ভিডিওটি বিভ্রান্তিকর।
ফুয়েল ফিলার ক্যাপে পিঁপড়ের উপদ্রব
সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও ক্লিপ সম্প্রতি ঘুরে বেড়াচ্ছে, যা দেখিয়েছে একটি গাড়ির ফুয়েল ফিলার ক্যাপের কাছে একদল পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও, ভিডিওটিতে পুরো গাড়িটিকে দেখানো হয়নি। তবে এর লিডের ওপর থাকা ই২০ ফুয়েল স্টিকারটি দেখা যাচ্ছে, যা নির্দেশ করে যে গাড়িটি ইথানল-মিশ্রিত জ্বালানি দ্বারা চালিত হতে পারে। ভিডিওটির উৎস জানা যায়নি, তবে সামাজিক মাধ্যমে এটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নেট নাগরিকরাও ভিডিওটিকে বিশ্বাস করে আরও ছড়িয়ে দিচ্ছেন।
BPCL has examined the claims circulating on social media regarding ants congregating around vehicle fuel filler caps and their alleged association with E20 petrol.
Fuel-grade ethanol used for petrol blending is produced through fermentation and distillation processes that… pic.twitter.com/1qED7xBBhe
— Bharat Petroleum (@BPCLimited) June 17, 2026
এই দাবির পরিপ্রেক্ষিতে, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) এবার একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, গাড়ির ফুয়েল ফিলার ক্যাপের চারপাশে পিঁপড়ের ভিড় এবং ই২০ পেট্রোলের সাথে সম্ভাব্য সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া দাবিগুলো বিপিসিএল যাচাই করে দেখেছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, পেট্রোলের সাথে মেশানোর জন্য ব্যবহৃত জ্বালানি-মানের ইথানল ফার্মেন্টেশন এবং ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়, যা ফাইনাল প্রোডাক্ট থেকে অবশিষ্ট চিনি সরিয়ে দেয়। এছাড়াও, জ্বালানি ইথানলে ব্যবহার করা হয় ডিন্যাচুরেন্ট, যা পোকামাকড়কে দূর করে। মিশ্রণের পরে পেট্রোলের সহজাত গন্ধটি ইথানলের গন্ধকে ছাপিয়ে যায়।
এছাড়াও জানানো হয়েছে যে, প্রচলিত পেট্রোলের তুলনায় ইথানল-মিশ্রিত পেট্রোলে জ্বালানি বাষ্প কম উৎপন্ন হয়। ফলে, ই২০ জ্বালানির সাথে এমন কোনো উপাদান যুক্ত নেই, যা পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়কে গাড়ির ফুয়েল ক্যাপের দিকে আকর্ষণ করতে পারে। তাই, ই২০ জ্বালানির প্রতি পিঁপড়ের আকর্ষণের দাবিগুলোর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছে ভারত পেট্রোলিয়াম। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও-র সপক্ষের দাবিগুলো ভিত্তিহীন এবং এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।