বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য শেষ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। তাতে শেষ দুটি ম্যাচে হারলেও সিরিজটা জিতেছে ভারত। আর তারপরেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে (ICC T20 Rankings) এসেছে বড় বদল। ICC ক্রমতালিকায় 20 ওভারের ক্রিকেটে শীর্ষে অভিষেক শর্মা (Abhishek Sharma) জায়গা ধরে রাখলেও অধিনায়ক শ্রেয়স আইয়ার বড় লাফ দিয়ে সাত নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে 3 নম্বরে রয়েছেন এক সময়কার টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান ইশান কিষাণ।
একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম দশের তালিকা
ভারত বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই তালিকায় 889 রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। তালিকার দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তাঁর রেটিং 883। অন্যদিকে তিন নম্বরে থাকা ইশানের রেটিং 862। এক্ষেত্রে প্রথম স্থানে থাকা অভিষেক এবং দ্বিতীয় স্থানে থাকা পাক ব্যাটসম্যানের রেটিংয়ে খুব একটা পার্থক্য নেই। যার জেরে পরবর্তীতে বিপদে পড়তে পারেন অভিষেক।
তালিকার চার এবং পাঁচ নম্বরে নাম রয়েছে ইংল্যান্ডের দুই ব্যাটসম্যান হ্যারি ব্রুক এবং জস বাটলারের। দুজনের রেটিং যথাক্রমে 793 ও 789। 6 নম্বরে ডেওয়াল্ড ব্রেভিস। অন্যদিকে এক ধাক্কায় 7 নম্বরে উঠে এসেছেন আইয়ার। তাঁর রেটিং এই মুহূর্তে 777। এছাড়া প্রথম দশের তালিকায় রয়েছেন যথাক্রমে ফিল সল্ট, শাই হোপ এবং শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা। এই তিনজনের রেটিং 730 থেকে 780 এর মধ্যে।
আরও পড়ুন: ট্রাম্পের দলের প্রার্থীকে হারিয়ে আমেরিকার নির্বাচনে জয় ‘ভারতীয়র’, চিনে নিন পিয়া ডান্ডিয়াকে
প্রসঙ্গত, এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান ছিলেন ইশান। তবে চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজের দুই ম্যাচে খেলতে না পারা এবং সুযোগ পেয়ে ধারাবাহিকতা বজায় রাখতে না পারায় অবনতি হয়েছে ভারতীয় তারকার। তবে অভিষেকের থেকে ইশানের রেটিং খুব একটা কম নয়। কাজেই আগামী ম্যাচগুলিতে ভাল পারফর্ম করতে পারলে ফের শীর্ষস্থান দখল করতে পারেন ইশান।