অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে ভারতে সব বাড়ির রান্নাঘরেই এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দেখা মেলে। রান্নার কাজে গ্যাস সিলিন্ডারের ব্যবহার যেমন জীবনযাত্রাকে সহজতর করে তোলে, তেমনই ভুল এক্সেসরির ব্যবহার বড় বিপদ ডেকে আনতে পারে। একটা জিনিস হয়তো লক্ষ্য করে থাকবেন, সিলিন্ডার কানেকশনের সাথে আসা পাইপটি (Orange Gas Pipe) সবসময়ই কমলা রঙের হয়। কিন্তু এই রঙ ব্যবহারের কারণ কি জানেন? কেন সবুজ বা স্বচ্ছ গ্যাস পাইপ সচরাচর দেখা যায় না? আসুন জেনে নিই বিশদে।
এলপিজি গ্যাস সিলিন্ডারে সাথে থাকা ‘কমলা’ পাইপের তাৎপর্য
বিশেষজ্ঞরা বলেন, রং নয় বরং গ্যাস সিলিন্ডারের সাথে থাকা পাইপটির গুণগতমানই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাইপ কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে সেটা আইএসআই (ISI) সার্টিফাইড কিনা, এলপিজি গ্যাস ব্যবহারের উপযুক্ত কিনা, সেফটি স্ট্যান্ডার্ড লেবেল করা আছে কিনা ও সর্বোপরি উপযুক্ত উপাদান দিয়ে তৈরি হয়েছে কিনা। এগুলি পরখ করে ও সার্টিফিকেশন দেখে তবেই গ্রাহকদের গ্যাস পাইপ কেনা উচিত।
সাধারণত ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের সাথে রাবার বা পিভিসি (PVC) কোটিংয়ের কমলা রঙের পাইপ ব্যবহার করা হয়। এগুলিকে মূলত গ্যাসের চাপ সহ্য করতে ও দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। যদি পাইপে আইএসআই মার্ক, এলপিজি অ্যাপ্রুভড (LPG Approved) লেবেল থাকে, তাহলে সেটিকে সাধারণত ব্যবহারের জন্য নিরাপদ বলে মনে করা হয়।
এছাড়া কিছু ব্র্যান্ড বাজারে ব্রান্ডের পরিচিতি বানাতে ও প্রোডাক্টে ভিন্নতা আনতে সবুজ রঙের পাইপও তৈরি করে। তবে এগুলি কমলা পাইপের মতোই নিরাপদ, যদি তাতে আইএসআই মার্ক এবং এলপিজি অ্যাপ্রুভড লেবেল থাকে। তবে স্বচ্ছ পাইপ সাধারণত গ্যাসের পাইপ হিসাবে উপযোগী নয়, এগুলি মূলত জল বা বায়ু চলাচলের জন্য ব্যবহার করা হয়। অধিকাংশই এলপিজি ব্যবহারের জন্য সার্টিফাইড না হওয়ায়, এগুলি গ্যাসের সাথে ব্যবহার না করাই ভালো।
আরও পড়ুনঃ রেশন কার্ডের ভুল শুধরাতে আর যেতে হবে না কোথাও, বাড়ি বসে এভাবে করুন সংশোধন
কোন পাইপ ব্যবহার করার সবচেয়ে ভালো ?
বিশেষজ্ঞদের মতে, আইএসআই-মার্ক যুক্ত, এলপিজি-অনুমোদিত কমলা রঙের গ্যাস পাইপ সবচেয়ে উপযোগী। এর মধ্যে থাকা স্টিল ব্রেডেড হোস ইঁদুরে কাটতে পারে না, তাছাড়া তাপ ও অন্যান্য ক্ষয়ক্ষতি থেকেও এটি অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। তাই কমলা পাইপগুলি উপলব্ধ বিকল্পগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ। তবে ব্যবহারকারীকে নজরে রাখতে হবে পাইপে যেন কোনও ধরনের চিড়, ছিদ্র বা অনমনীয়তা না দেখা দেয়। সেরকম হলে যত তাড়াতাড়ি সম্ভব পাইপ পাল্টাতে হবে। এছাড়া, দীর্ঘদিন ধরে একই পাইপ ব্যবহার না করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।