অনন্যা সরকার, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর গ্রাহকদের জন্য বড় খবর। এবার থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে। এসবিআই কার্ড (SBI Card) তাদের ফি কাঠামোতে পরিবর্তনের ঘোষণা করেছে, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। কার্ডধারীদের একটি নির্দিষ্ট সীমা অতিক্রমকারী পরিবহন ও জ্বালানি লেনদেনের জন্য অতিরিক্ত চার্জ দিতে হবে বলে ঘোষণা করা হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে পোস্ট করা একটি নোটিশ অনুসারে, এই পরিবর্তনটি সেইসব গ্রাহকদের জন্য প্রযোজ্য যারা এককালীন বড় অঙ্কের পরিবহন বিল পরিশোধ করেন বা যারা বিলিং চক্রে প্রচুর পরিমাণে জ্বালানি খরচ করেন।
এসবিআই-এর কার্ডের ফি কাঠামোয় এল বদল
এসবিআই-এর নতুন নিয়ম অনুসারে, ৩০,০০০ টাকার বেশি প্রতিটি পরিবহন লেনদেনের ওপর অতিরিক্ত ১% ফি ধার্য করা হবে। এই পেমেন্টগুলি মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCC) ৪১১১, ৪৭৮৪ এবং ৪১৩১ দ্বারা চিহ্নিত করা হবে। ওই কোডগুলি বিভিন্ন পরিবহন-সম্পর্কিত পরিষেবার জন্য ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ, যদি কোনো গ্রাহক একটি অনুমোদিত পরিবহন পরিষেবার জন্য কার্ডের মাধ্যমে ৩৫,০০০ টাকা পরিশোধ করেন, তাহলে তাকে অতিরিক্ত ৩৫০ টাকা ফি দিতে হবে। অন্যদিকে, ৫০,০০০ টাকা পেমেন্টের ক্ষেত্রে ফি হবে ৫০০ টাকা। উল্লেখ্য, এই পরিবহন ফি শুধু ৩০,০০০ টাকার ওপরের প্রতিটি লেনদেনের ওপর ধার্য করা হবে, মোট বিলিং সাইকেলের খরচের ওপর নয়।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল ICICI ব্যাঙ্ক, কতটা বাড়ল? জানুন
এছাড়া, এসবিআই কার্ডের নতুন নিয়মে পেট্রোল ও ডিজেলের খরচের ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগামী ১ ডিসেম্বর থেকে কোনো এসবিআই কার্ডহোল্ডারের একটি বিলিং সাইকেলে মোট জ্বালানি খরচ ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেলে, সম্পূর্ণ খরচের ওপর ১% ফি ধার্য করা হবে। যদি কোনো কার্ডধারী একটি বিলিং সাইকেলে জ্বালানির জন্য মোট ৫৫,০০০ টাকা খরচ করেন, তাহলে তাকে অতিরিক্ত ৫৫০ টাকা দিতে হবে। অর্থাৎ, এই চার্জ শুধুমাত্র ৫০,০০০ টাকার ওপরের খরচের ওপর নয়, বরং সম্পূর্ণ ৫৫,০০০ টাকার ওপরই গণনা করা হবে।