T20-তে ভারতের রাজত্বের অবসান ঘটাল ইংল্যান্ড, ৫৮ বলে লক্ষ্য তাড়া করেই বিশ্বে ১ নম্বর তারাই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারেনি শ্রীলঙ্কা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই তাদের চুনকাম করে সহজ জয় তুলেছে ইংল্যান্ড (England)। আর সিরিজ জেতার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ইংলিশ বাহিনী। সবচেয়ে বড় কথা, এতদিন ধরে যে ভারত (Team India) 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে শীর্ষস্থান দখল করে রেখেছিল, লঙ্কান বাহিনীকে পরাস্ত করে সেই ভারতকেই দুই নম্বরে নামিয়ে আনলো ইংল্যান্ড। এখন তারাই T20 ক্রিকেট বিশ্বে প্রথম।

ভারতের রাজত্বের অবসান ঘটালো ইংল্যান্ড

সহজেই আগে দুই টি-টোয়েন্টি ম্যাচ জিতে গিয়েছিল ইংল্যান্ড বাহিনী। ফলে, গতকাল অর্থাৎ শনিবারের ম্যাচটা শ্রীলঙ্কার জন্য ছিল মান রক্ষার। তিন নম্বর টি-টোয়েন্টি ম্যাচে জিততে পারলে নিজেদের সম্মান বাঁচাতে পারত তারা। তবে সেই পথে কাঁটা হয়ে দাঁড়ালো প্রতিপক্ষ ইংরেজরা। এদিন প্রথমে ব্যাট করতে আসা শ্রীলঙ্কাকে 124 রানে অলআউট করে দিয়েছিল ইংল্যান্ড। পরবর্তীতে 125 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 10 ওভার পূর্ণ হওয়ার আগেই 8 উইকেট হাতে রেখে জিতে যায় ইংলিশ দল।

এদিন, শ্রীলঙ্কাকে গোটা সিরিজে গুঁড়িয়ে দিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অর্থাৎ ICC-র টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এ শীর্ষস্থান দখল করল ইংল্যান্ড দল। সবচেয়ে বড় বিষয়, মাত্র 58 বলে নির্দিষ্ট লক্ষ্য তাড়া করে তৃতীয় টি-টোয়েন্টি জিতেছিল তারা। এত অল্প বলে ম্যাচ জয় সত্যিই বিরল ঘটনা। সেই সাথে ভারতকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর থেকে দুই নম্বরে নামানোটাও বড়সড় কৃতিত্ব ইংরেজদের জন্য।

আরও পড়ুন: IFA শিল্ডে নামবে না ‘হাবাসের ইস্টবেঙ্গল!’ মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই বড় খবর

বলাই বাহুল্য, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রমতালিকায় 269 রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড দল। অবাক করা বিষয়, ভারতও সমসংখ্যক রেটিং নিয়েই দ্বিতীয় স্থানে রয়েছে। তালিকার তিন নম্বর রয়েছে অস্ট্রেলিয়া। তারা পেয়ে 260 রেটিং। এছাড়াও চার নম্বরে নিউজিল্যান্ড এবং পাঁচ নম্বরে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার। তাদের রেটিং পয়েন্ট যথাক্রমে 247 ও 243।

Leave a Comment