সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবর মাস শেষ হতে চলল। কিন্তু এখনও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যুবশক্তি (Yuva Shakti) প্রকল্পের কোনও অফিসিয়াল আপডেট প্রকাশ্যে আসেনি। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর মাস থেকেই যুবশক্তি প্রকল্পে আবেদন শুরু হবে এবং এই প্রকল্পে প্রতি মাসে মিলবে ৩০০০ করে। তবে এখনও অনলাইন পোর্টাল বা অফলাইনে আবেদনের কোনও তথ্য প্রকাশ্যে না আসায় বেকার যুবক-যুবতীদের মনে জন্মাচ্ছে একাধিক প্রশ্ন। তাহলে কি মিলবে না যুবশক্তি?
কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন?
তৃণমূল সরকারের আমলে চালু করা হয়েছিল যুবসাথী প্রকল্প, যেখানে ১৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছিল । তবে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেয় যে সরকার গঠন করে চালু করা হবে যুবশক্তি এবং সেই প্রকল্পে প্রতি মাসে দেওয়া হবে ৩০০০ টাকা। প্রথমে অন্নপূর্ণা যোজনা চালু হলেও বাজেট পেশের সময় যুবশক্তি প্রকল্প নিয়ে অফিসিয়াল ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী জানিয়েছিলেন, গ্রাজুয়েট যুবকরা এই প্রকল্প থেকে ৩০০০ টাকা পাবেন এবং যারা গ্রাজুয়েশন করেননি তারা ২০০০ টাকা করে পাবেন।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাস থেকেই এই প্রকল্পে আবেদন শুরু হওয়ার কথা। তবে অক্টোবরের শেষ হতে চললেও এখনও পর্যন্ত নবান্নের তরফ থেকে নেই কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি। এমনকি যুবশক্তির অফিসিয়াল পোর্টাল পর্যন্ত এখনও চালু হয়নি। এই আবহে বেকার যুবক-যুবতীদের মনে জাগছে হাজারো প্রশ্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, যুবশক্তি প্রকল্প চালু করা বাকি। সেটি নিয়ে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে।
তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী খবর, অক্টোবর মাসে পুজোর ছুটির কারণে যুবশক্তির অফিশিয়াল পোর্টাল চালু করা সম্ভব হয়নি। তবে নভেম্বর মাসের শুরুতেই হয়তো এই প্রকল্পে অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হবে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নবান্ন বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। যখন এই প্রকল্প চালু হবে তখন অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আবেদনের প্রক্রিয়াও জানিয়ে দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: মা লক্ষ্মীর কৃপায় টাকা পয়সার পাহাড় জমবে ৪ রাশির! আজকের রাশিফল, ২৯ অক্টোবর
জানিয়ে রাখি, এই প্রকল্পে আবেদন করার জন্য সংশ্লিষ্ট যুবক-যুবতীকে বর্তমানে বেকার হতে হবে, অর্থাৎ কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা চলবে না। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সবচেয়ে বড় ব্যাপার, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং ন্যূনতম মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক। তবে যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট রয়েছে তারা পাবেন ৩০০০ টাকা করে। এখন দেখার, কবে এই প্রকল্প চালু হয়।