বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে আত্মপ্রকাশ করেই ঝড় তুলেছে জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)। এবার বিনিয়োগকারীদের নজর কাড়তে পারে বিয়ার প্রস্তুতকারক সংস্থা কার্লসবার্গ ইন্ডিয়া (Carlsberg IPO)। বাজারে তালিকাভুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডেনমার্কের সংস্থাটির ভারতীয় শাখা। ধারণা করা হচ্ছে, সংস্থাটি তাদের IPO বাজারে আনলে 8.64 কোটি শেয়ার বিক্রি হতে পারে। সেই মর্মে, ইতিমধ্যেই সংস্থাটি একটি আপডেটেড খসড়া নথি বাজার নিয়ন্ত্রক সেবির কাছে জমা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন, শেয়ার বাজারে প্রবেশ করলে মুকেশ আম্বানির সংস্থাকে কি টেক্কা দেবে কার্লসবার্গ ইন্ডিয়া?
মুকেশ আম্বানির সংস্থাকে টেক্কা দেবে কার্লসবার্গ?
রিপোর্ট অনুযায়ী, কার্লসবার্গ ইন্ডিয়া তাদের IPO অফার ফর সেলের মাধ্যমে আনবে। অর্থাৎ নতুন শেয়ার ইস্যু করে সংস্থাটি তাদের মূলধন সংগ্রহ করবে না। এর ফলে বর্তমান শেয়ারহোল্ডাররা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিলে সেই অর্থ যাবে বিক্রেতার হাতেই। পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, কার্লসবার্গ ইন্ডিয়া এই IPO থেকে প্রায় 70 কোটি ডলার পর্যন্ত অর্থ সংগ্রহ করতে পারে।
তবে জানিয়ে রাখা ভাল, ডেনমার্কের সংস্থাটির ভারতীয় শাখার IPO লঞ্চ হলে সেটির শেয়ার প্রতি দাম, সাবস্ক্রিপশনের তারিখ থেকে শুরু করে শেয়ার ইস্যুর পর চূড়ান্ত মূল্য এখনও পর্যন্ত ঠিক করা হয়নি। মনে করা হচ্ছে, ভারতীয় শেয়ার বাজারে সব ঠিকঠাক চললে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই IPO বাজারে আনতে পারে কার্লসবার্গ ইন্ডিয়া।
শেয়ার বাজারের বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, জিও প্ল্যাটফার্মস যেভাবে বাজারে পা রাখার সাথে সাথেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিয়ার প্রস্তুতকারক সংস্থাটিও জনপ্রিয়তার নিরিখে টেক্কা দিতে পারে মুকেশ আম্বানির সংস্থাকে! কেড়ে নিতে পারে বিনিয়োগকারীদের নজর। তবে সবটাই বোঝা যাবে সংস্থাটির IPO লঞ্চ হওয়ার পর।
আরও পড়ুন: শেয়ার বাজারে পা রেখেই চমক! জিও প্ল্যাটফর্মসকে ঘিরে কেন এত উন্মাদনা জানেন?
প্রসঙ্গত, টুবর্গ ও কার্লসবার্গ এর মতো ব্র্যান্ডের বিয়ার বাজারজাত করে থাকে কার্লসবার্গ ইন্ডিয়া। কাজেই ব্যবসার নিরিখে ভারতের বাজারে ভাল অবস্থানে রয়েছে এই সংস্থা। সেই সূত্রেই চলতি বছরের জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থাটির মুনাফা গিয়ে দাঁড়িয়েছে 158.2 কোটি টাকায়। যদিও এই মুনাফা গত বছরের তুলনায় প্রায় 4 শতাংশ কম। অন্যদিকে, জুন ত্রৈমাসিকে সংস্থাটির রাজস্ব বেড়ে দাঁড়িয়েছিল 3.013.17 কোটি টাকায়। কাজেই IPO বাজারে এলে সংস্থাটির শেয়ার কেমন সাড়া পায় সেদিকে নজর থাকবে সকলের।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)